'সারা দিন এক টাকাও বেচি নাই'
সারা বছর দিনমজুরি করেছেন নয়তো রিকশা চালিয়েছেন আনোয়ার হোসেন (৪২)। ঈদ উপলক্ষে সামান্য পুঁজি নিয়ে ভ্যানে করে জুতা বিক্রি শুরু করেছেন। তবে গতকাল সোমবার জামায়াতে ইসলামের ডাকা হরতালের কারণে কোনো জুতা বিক্রি হয়নি।
গতকাল বিকেল পাঁচটার দিকে কথা হয় আনোয়ারের সঙ্গে। বললেন, ‘ভ্যান ভাড়া, একজন কর্মচারী, নিজের মজুরি ও অন্যান্য খরচ মিলে প্রতিদিন ৮০০ টাকার মতো খরচ। তারপর লাভের হিসাব। কিন্তু হরতালের কারণে সারা দিন এক টাকাও বেচি নাই।’
আনোয়ারের ভ্রাম্যমাণ দোকান গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী কার্যালয়ের মূল ফটকের বাইরে। সেখানে তাঁর মতো আরও শ খানেক মৌসুমি ব্যবসায়ী গতকাল হরতালের কারণে তেমন বিক্রি করতে পারেননি।
একইভাবে টঙ্গী বাজার হকার্স মার্কেট, স্টেশন রোডের আশপাশের ফুটপাতের দোকানসহ আবদুল্লাহপুর ঘুরেও একই চিত্র দেখা গেছে। তা ছাড়া বড় বড় বিপণিবিতানগুলোতেও ক্রেতা ছিল না বললেই চলে।
আনোয়ারের মতো অনেক মৌসুমি ব্যবসায়ী জানালেন, অতিরিক্ত কিছু আয়ের আশায় তাঁরা রমজান মাসের অপেক্ষায় থাকেন। কিন্তু জীবনে এই প্রথম তাঁরা রমজান মাসে হরতাল দেখলেন।
টঙ্গী বাজারের পাশে ফুটপাতের প্যান্ট ব্যবসায়ী মো. সোহরাব হোসেন বলেন, ‘ভাই, তারা (জামায়াতে ইসলামী) নিজেগো ইসলামি দল বলে, তাইলে আবার রোজার মধ্যে হরতাল দেয় ক্যা। হরতালের লিগা এক দিনে আমাগো অনেক ক্ষতি।’
পাশেই টঙ্গী বাজারের বধূয়া ফ্যাশনসের কর্মচারী শাহআলম বলেন, ‘আমাদের দোকানে গাজীপুর সদর, পুবাইল, কালীগঞ্জ ও টঙ্গীর আশপাশের লোকজন আসে। হরতালের কারণে কোনো ক্রেতা আসেনি। রমজান মাসে এক দিন মানে অনেক কিছু। দয়া করে আর কেউ যেন অন্তত রমজান মাসে হরতাল না দেয়।’
কিন্তু শাহআলম ও অন্য ক্ষুদ্র ব্যবসায়ীদের অনুরোধ রাখেননি জামায়াতে ইসলামী, গণজাগরণ মঞ্চ ও প্রগতিশীল ১০টি ছাত্র ও যুব সংগঠনের নেতা-কর্মীরা। মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সাবেক আমির গোলাম আযমকে দেওয়া রায় প্রত্যাখ্যান করে তারা আজ মঙ্গলবারও সকাল-সন্ধ্যা পাল্টাপাল্টি হরতাল ডেকেছেন।