ক্লাসের পড়া তো আছেই। পাশাপাশি প্রস্তুতি নিতে হচ্ছে ভর্তি পরীক্ষার। ভোর থেকে রাত পর্যন্ত ফাহমিদ মিহুনকে লেখাপড়ার মধ্যেই থাকতে হচ্ছে। খেলাধুলার সুযোগ মিলছে না মোটেই। চলতি মাসের শেষ সপ্তাহে সে সরকারি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে ভর্তি পরীক্ষা দেবে।
ফাহমিদের মতো ঠাকুরগাঁওয়ের কয়েক হাজার খুদে শিক্ষার্থী সরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য ব্যস্ত সময় কাটাচ্ছে। কোচিং, মডেল টেস্টের পাশাপাশি গৃহশিক্ষকের কাছে পড়ছে তারা। সন্তানদের নিয়ে ব্যস্ততা বেড়েছে অভিভাবকদেরও। এত কিছুর পরও দুশ্চিন্তা তাঁদের পিছু ছাড়ছে না। কারণ, আসনসংখ্যার তুলনায় শিক্ষার্থী কয়েক গুণ।
জেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁওয়ে পাঁচটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে জেলা সদরের সরকারি বালক উচ্চবিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে ভর্তি করা হয়। প্রতিটিতে ২৪০টি করে মোট আসন ৪৮০। রানীশংকৈল ও পীরগঞ্জ উপজেলার তিনটি সরকারি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করা হয়। জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শহরের দুটি সরকারি বিদ্যালয় অন্যতম। অভিভাবকেরাও সেখানে সন্তানদের পড়াতে চান। এ জন্য সেখানে ভর্তি পরীক্ষায় প্রতিযোগিতাও বেশি। গত বছর এ দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতি আসনের জন্য গড়ে ছয়-সাতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। এ বছর ভর্তি পরীক্ষা ৩০ ডিসেম্বর। ১২ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
সম্প্রতি কোচিংয়ে যাওয়ার পথে কথা হয় শহরের হলপাড়ার বাসিন্দা শিশু শিক্ষার্থী ফাহমিদের সঙ্গে। সারা দিন কীভাবে কাটে জিজ্ঞেস করলে সে বলে, ‘ভোর হলেই মা কিংবা বাবার সঙ্গে কোচিং সেন্টারে যাই। কিছুক্ষণ পর বাড়ি ফিরে আসি। মাঝে বিদ্যালয়ের পাঠ। আবারও ছুটতে হয় অন্য একটি কোচিং সেন্টারে। সেটা চলে বিকেল পাঁচটা পর্যন্ত। সন্ধ্যায় বাড়িতে গৃহশিক্ষক আসেন। রাতে মা-বাবা ভাগাভাগি করে পড়ান।’ এভাবেই চলছে ফাহমিদের সপ্তাহের ছয়টি দিন। শুক্রবার ছুটির দিনেও মুক্তি নেই তার। সেদিনও থাকে তিন থেকে চারটি মডেল পরীক্ষা।
একইভাবে সময় কাটছে আবিদা আনজুমের। সে বলে, ‘সকাল পৌনে সাতটায় কোচিং শুরু হয়। সকাল নয়টায় বাসায় আসি। এরপর যেতে হয় বিদ্যালয়ে। বিদ্যালয় থেকে বাসায় ফিরে গোসল, খাওয়া শেষ করেই ছুটতে হয় আরেকটি কোচিং সেন্টারে। সন্ধ্যা নামলেই গৃহশিক্ষকের কাছে ঘণ্টা দুয়েক পড়া। ফাঁকে ফাঁকে মা-বাবাও পড়ান।’
শহরের কলেজপাড়ার বাসিন্দা সুলতানা পারভীন নামের এক অভিভাবক বলেন, ‘গত বছর ভর্তি পরীক্ষার পুরো (পূর্ণ নম্বর) ৫০ নম্বর পেয়েও ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হয়েছে অনেক শিক্ষার্থী। এ কারণে আমরা একটু চাপে আছি। মেয়ের পেছনে সময় দিতে গিয়ে সংসারের কোনো কাজই ঠিকমতো হচ্ছে না। বাচ্চার ওপর প্রভাব পড়ছে। তবুও করার কিছুই নেই।’
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ শাহজাহান নেওয়াজ বলেন, ‘অনেক অভিভাবক বাচ্চা নিয়ে আমার কাছে আসেন। তাঁরা শিশুদের মন খারাপ, কম কথা বলা, ভুলে যাওয়া প্রভৃতি সমস্যার কথা উল্লেখ করেন। মূলত সারা দিন পড়ার মধ্যে ডুবে থাকতে গিয়ে শিশুদের মনে একঘেয়েমি চলে আসে। যার প্রভাব পড়ছে তাদের। এটা দূর করতে দিনে কমপক্ষে দুই ঘণ্টা শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা রাখতে অভিভাবকদের দিয়ে থাকি।’
সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতারুজ্জামান বলেন, জেলায় শুধু দুটি সরকারি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে ভর্তির ব্যবস্থা রয়েছে। ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে শিশুদের অনেক কষ্ট করতে হচ্ছে। জেলায় আরও দু-একটি মানসম্মত বিদ্যালয় গড়ে তুলতে পারলে দুর্ভোগ কমত।
জেলা প্রশাসক মো. আবদুল আওয়াল বলেন, ‘সরকারি বিদ্যালয়ের ভর্তির জন্য নিজেকে প্রস্তুত করতে গিয়ে শিশুরা শৈশব হারিয়ে ফেলছে, এটা সত্যি। তবে এ মুহূর্তে বিকল্প উপায় বের করার কোনো সুযোগ নেই।’