‘সারা দিনই ডর ডর লাগে, তবু বাইর আইতে অয়’
‘হরতালের দিন সারা দিনই ডর ডর লাগে, তবু বাইর আইতে অয়। না বাইর আইলে সংসারের মানুষ না খায়া থাকব।’ গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ শহরের নতুন বাজার মোড়ে রিকশা এক পাশে রেখে গায়ের ঘাম মুছতে মুছতে কথাগুলো বলছিলেন রিকশাচালক এছাক আলী (৭৫)।গতকাল ১৮ দলীয় জোটের হরতাল চলাকালে বেশ কয়েকজন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে কথা হয়।সাহেব আলী রোডে ছোট্ট একটা চায়ের দোকান আছে সত্যেন্দ্র চন্দ্র দের। তিন মেয়ে ও এক নাতিসহ পাঁচজনের জীবিকার জন্য এই দোকানই তাঁর ভরসা। তিনি জানান, হরতাল না থাকলে প্রতিদিন তাঁর ২৫০ থেকে ৩০০ টাকা আয় হয়। মাসে বাসা ভাড়া দিতে হয় দুই হাজার টাকা। এরপর যা থাকে তা দিয়ে সংসার চালান। কিন্তু হরতালের দিন ১০০ টাকা লাভের মুখ দেখাও কঠিন।বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বয়ড়া এলাকার ইজিবাইকচালক সোহেল মিয়া বলেন, ‘সকালে জেলা ইস্কুলের রাস্তায় একটা আটো ভাঙছে শুনছি। কিন্তু মা আর বউ-বাচ্চা নিয়ে আমার পাঁচজনের সংসার। ভাড়া করে আটো চালাই। সারা দিন ডরের মইধ্যে থাকি। এর পরও সংসারের চিন্তায় রাস্তায় নামতে হয়।’মুকুল নিকেতন উচ্চবিদ্যালয়ের সামনে রইসা রহমান নামের এক শিক্ষার্থীর মা কহিনুর আক্তার জানান, হরতালের দিন স্কুলে ক্লাস হবে জেনে এসেছিলেন। কিন্তু আসার পর কোনো ক্লাস হয়নি। ভয়ে কোনো অভিভাবকই তাঁর সন্তানকে বের হতে দেন না। স্কুলের শিক্ষকেরা আসেন। কিন্তু শিক্ষার্থী না থাকলে তাঁরা কাদের পড়াবেন?