‘সারা রাইত বলের পাকে চায়া থাকি, কখন কারেন আসপে’
রংপুরের বদরগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুতের লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করেছে। দিন-রাত মিলে গড়ে চার ঘণ্টাও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। এতে বোরোচাষিসহ এইচএসসি পরীক্ষার্থীরা পড়েছেন সমস্যায়। উপজেলার রামনাথপুর এলাকার কৃষক মকলেছার রহমান (৪৫) বলেন, ‘নিন নাই, স্বপন নাই, মটারের ঘরোত সুচ দিয়া সারা রাইত বলের (বৈদ্যুতিক বাল্ব) পাকে চায়া থাকি, কখন কারেন আসপে। মাঝেসাজে এলেও থাকে না বেশিক্ষণ। ভূঁই ফাটি গেইচে পানি দিবার পাওচি না। এ্যাংকা বিদিকিস্তি করি কি আবাদ করা যায়!’ আমরুলবাড়ি গ্রামের সেচ গ্রাহক আবদুর রহিম বলেন, ‘কারেন তো থাকে না, আসপে কি? যেই টুক সমায় থাকে সেই টুক সমায়ে ভূঁইয়ের এককোনা নাই ভিজতে চলি যায়।’ অনেকটা একই ধরনের অভিযোগ করেন উপজেলার নাওপাড়া গ্রামের কৃষক নূর মোহামঞ্চদ, বালাপাড়ার ফরিদ হোসেন, আবদুল জলিল, ঘাটাবিলের অজিত শীল, আকবর আলীসহ কয়েকজন। বিদ্যুতের গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত ১১টা থেকে পরদিন সকাল সাতটা পর্যন্ত সেচ কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকারিভাবে গ্রামীণ এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা থাকলেও তখনো লোডশেডিং চলে। দিনে বিদ্যুতের দেখাই মেলে না। রাত-দিন মিলে গড়ে চার ঘণ্টাও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। এ কারণে তাঁরা ইতিমধ্যে সাতবার স্থানীয় চেংমারি বিদ্যুৎ উপকেন্দ্র ঘেরাও করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন। সর্বশেষ বুধবার সন্ধ্যায় বিক্ষুব্ধ তিন শতাধিক কৃষক আবারও জোটবদ্ধ হয়ে ওই উপকেন্দ্র ঘেরাও করেন। খবর পেয়ে থানার পুলিশ ও পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানা গেছে, বদরগঞ্জ উপজেলায় প্রায় ৫০ হাজার চাষির বোরো চাষের জন্য ৮০টি গভীর নলকূপ ও দুই হাজার ৪৬০টি অগভীর নলকূপে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এবার প্রায় ১৯ হাজার হেক্টরে বোরোর চাষ হয়েছে। উপজেলায় ভোর পাঁচটা থেকে রাত ১১টা পর্যন্ত গড়ে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে ২ দশমিক ৫ মেগাওয়াট। অথচ উপজেলার পৃথক পাঁচটি ফিডার চালাতে বিদ্যুৎ প্রয়োজন দিনে ১০ ও রাতে ১৩ মেগাওয়াট। রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ বদরগঞ্জ এলাকার উপমহাব্যবস্থাপক জাকির হোসেন বলেন, ‘উপজেলার পাঁচটি ফিডারের মধ্যে একটি ফিডার চালাতে বিদ্যুৎ লাগে ৪ দশমিক ৫ মেগাওয়াট। ছোট ফিডার চালাতে লাগে ২ দশমিক ৪ মেগাওয়াট। দিনে বিদ্যুৎ ঠিকমতো দিতে না পারলেও রাতে সেচ কার্যক্রম স্বাভাবিক রাখতে গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সরবরাহের আপ্রাণ চেষ্টা থাকে। তবে গভীর রাতে ফ্রিকোয়েন্সি ডাউনের কারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে।’ বদরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল হক বলেন, ‘সরকারি নির্দেশনা মোতাবেক রাতে সেচ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করা হলেও লোডশেডিং হচ্ছে। তবে এখন পর্যন্ত বোরো আবাদ ভালো আছে।’