‘সার্জেন্টরা দায়িত্ব পালনে আত্মপ্রত্যয়ী হলে দুর্ঘটনা কমবে’
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, জাতির ট্রাফিক-শৃঙ্খলার মানদণ্ড দিয়ে জাতীয় শৃঙ্খলার মান নিরূপিত হয়। সার্জেন্টরা গভীর আত্মপ্রত্যয়ী হয়ে দায়িত্ব পালন করলে সড়ক দুর্ঘটনা কমবে এবং জনমনে স্বস্তি ফিরে আসবে।গতকাল রোববার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সার্জেন্ট-২০১০ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এ কথা বলেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, বিচ্ছিন্ন কিছু অপরাধ সংঘটিত হলেও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সম্প্রতি রাজধানী ঢাকায় সংঘটিত খুনের ঘটনার সুষ্ঠু তদন্ত হয়েছে এবং আসামি গ্রেপ্তার করা হয়েছে।জামায়াতে ইসলামী বাংলাদেশের সাবেক আমির গোলাম আযমকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, কৌশলগত কারণে এ ব্যাপারে মন্তব্য করা যাবে না।ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শেষে নবনিযুক্ত শিক্ষানবিশ পুলিশ সার্জেন্টরা গতকাল এই সমাপনী কুচকাওয়াজে অংশ নেন। সকাল নয়টায় আইজিপি তাঁদের অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি কুচকাওয়াজ পরিদর্শন এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের মধ্যে ট্রফি বিতরণ করেন।