‘সার্বক্ষণিকভাবে লিবিয়ায় আটকে পড়াদের খবর রাখছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, লিবিয়ার পাশের দেশে শরণার্থী শিবিরে অবস্থানরত বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ সরকার সার্বক্ষণিকভাবে তাঁদের খোঁজখবর রাখছে। সরকারের নেওয়া পদক্ষেপের ফলে লিবিয়া-প্রবাসী বাংলাদেশিদের আত্মীয়স্বজন দুশ্চিন্তামুক্ত থাকতে পারেন বলে তিনি মন্তব্য করেন।এক তথ্য বিবরণীতে বলা হয়, গতকাল শুক্রবার ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত লিবিয়া প্রত্যাগত অভিবাসীদের স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ওই কেন্দ্র স্থাপন করে। মন্ত্রী আটকে পড়াদের নিরাপত্তা ও স্বাস্থ্যের ব্যাপারে আশ্বাস দিয়ে বলেন, এ ব্যাপারে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর সঙ্গে বাংলাদেশ সরকার নিয়মিত যোগাযোগ রাখছে। বিমানবন্দরে ৭ মার্চ স্থাপিত এই স্বাস্থ্যসেবা কেন্দ্রে ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবার ব্যবস্থা রয়েছে। এখানে প্রয়োজনীয় ওষুধ, অ্যাম্বুুলেন্সসহ বিভিন্ন জরুরি ব্যবস্থা রাখা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এ কাজে সরকারকে সহায়তা করছে।ফিরেছেন আরও সাত শ: লিবিয়া ত্যাগ করা আরও ৭২৪ জন বাংলাদেশি গতকাল শুক্রবার দেশে ফিরেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) চারটি বিশেষ বিমানে করে তাঁরা গতকাল সকালে ফেরেন। আইওএমের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ শনিবার আটটি ফ্লাইটে আসবেন আরও এক হাজার ৮৪৮ জন। ১২ থেকে ২২ মার্চের মধ্যে মোট আসবেন ১৯ হাজার ৮০৮ জন।