'সালাউদ্দিন কাদেরের ফাঁসি হলেও দুঃখ থাকবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল বিএনপির সমাবেশে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  ছবি: প্রথম আলো
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল বিএনপির সমাবেশে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছবি: প্রথম আলো

মানবতাবিরোধী অপরাধের দায়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায়ের পর বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানোয় দলটির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী। তিনি বলেন, ‘আমরা ট্রাইব্যুনাল থেকে ন্যায়বিচার পাইনি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের কাছ থেকে পেয়েছি। এখন সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হলেও আর দুঃখ থাকবে না। আমি বিএনপিকে ধন্যবাদ জানাই।’
গতকাল বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী এসব কথা বলেন।
‘রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল ও সুপরিকল্পিতভাবে রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার অপচেষ্টার’ প্রতিবাদে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপি। দলটি একই কর্মসূূচি দেশের বিভিন্ন জেলা ও উপজেলায়ও পালন করে।
ঢাকার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। তখন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিরা ন্যায়বিচার পাবেন। তিনি নির্দলীয় সরকারের দাবি মানতে সরকারকে বাধ্য করার আন্দোলনে সবাইকে শরিক হওয়ার আহ্বান জানান।
সাকা চৌধুরীর মামলার রায় আগেই ফাঁস হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, এই রায় এসেছে আইন মন্ত্রণালয় থেকে। এটা ছিল পূর্বনির্ধারিত ও নির্দেশিত।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, সরকারের সাড়ে চার বছরের দুঃশাসনের সেরা চমক হলো আদালত রায় ঘোষণার আগেই তা গণমাধ্যমে প্রকাশ হওয়া।
সমাবেশে সভাপতির বক্তৃতায় বিএনপির ঢাকা মহানগরের আহ্বায়ক সাদেক হোসেন বলেন, রায় আগেই ফাঁস হওয়ায় সরকারের উচিত ব্যর্থতার দায় মাথায় নিতে পদত্যাগ করা। তিনি বলেন, সরকার প্রতিহিংসা চরিতার্থ করতে মানবতাবিরোধী অপরাধের বিচার করছে।
যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘এই সরকারের মন্ত্রী আর তল্পিবাহক বিচারকদের জন্মদিনের পোশাক পরিয়ে ঘোরানো হবে।’
স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খানও বিচারকদের সমালোচনা করে বক্তৃতা করেন।
সমাবেশে আরও বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, জমির উদ্দিন সরকার, যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।