বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের খোঁজ পাওয়ায় তাঁর নির্বাচনী এলাকা কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় আনন্দ মিছিল হয়েছে।
গতকাল মঙ্গলবার সালাহ উদ্দিনের সন্ধান পাওয়ার খবর প্রচারিত হওয়ার পর বিএনপির নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে
জড়ো হয়ে একে অপরকে মিষ্টিমুখ করান। এদিকে চকরিয়া পৌর শহরে বিএনপির নেতা-কর্মীরা মিছিল করার সময় ওয়ার্ড যুবদলের এক নেতাকে আটক করেছে পুলিশ।
গতকাল বেলা দুইটার দিকে পেকুয়া উপজেলা বিএনপির উদ্যোগে মিছিল বের করা হয়। এ সময় মিছিলকারীরা ‘এ মুহূর্তে খবর এল, সালাহ উদ্দিন ভাইকে পাওয়া গেল,’ ‘সালাহ উদ্দিন ভাইকে পাওয়া গেল, খুশির বন্যা বয়ে গেল’ ইত্যাদি স্লোগান দেন। পরে পেকুয়া চৌমুহনী চত্বরে সমাবেশ হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, টৈটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেড এম মোসলেম উদ্দিন, বারবাকিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহমদ।
সভায় শাফায়েত আজিজ বলেন, ‘সালাহ উদ্দিনের জন্য পুরো কক্সবাজারের মানুষ কেঁদেছেন। আল্লাহ তাঁদের দোয়া কবুল করেছেন। তাঁর খোঁজ পাওয়ায় আমরা আনন্দিত ও উচ্ছ্বসিত।’
এদিকে চকরিয়া পৌর শহরেও মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা। বেলা আড়াইটার দিকে পৌর শহরের সোসাইটি পাড়া থেকে মিছিলটি বের হয়ে পুরোনো বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখান থেকে সাদাপোশাকের পুলিশ চিরিংগা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. ওসমান গণিকে (৩৮) আটক করে নিয়ে যায়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল করিম।
স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন বলেন, ‘অহেতুক পুলিশ যুবদলের নেতা ওসমান গণিকে ধরে নিয়ে গেছে। আমাদের মিষ্টির প্যাকেট মাটিতে ফেলে দিয়েছে তারা।’
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, আনন্দ মিছিলের সুযোগে কেউ যাতে নাশকতা করতে না পারে,
সে জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়। সন্দেহ হওয়ায় মিছিল থেকে একজনকে আটক করা হয়েছে।