'সাহস প্রথম আলোর শক্তি'

১৯ বছর ধরে প্রথম আলো সাহস নিয়েই সংবাদ পরিবেশন করে গেছে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে প্রথম আলো যে সাহস দেখায়, পাঠক তা বোঝেন—সেটিই বেশি পছন্দ করেন। প্রথম আলোর ১৯ বছর পূর্তি উপলক্ষে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ‘পাঠকের মুখোমুখি’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
আজ শুক্রবার বিকেল চারটায় এ অনুষ্ঠান শুরু হয়। চলে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত। অনুষ্ঠানে শিক্ষাবিদ, শিক্ষার্থী, ব্যবসায়ী, শ্রমিক, গৃহিণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রথম আলোর কাছে কী চান, কেমন সংবাদ দেখতে চান—এসব নানা বিষয়ে মতামত দেন তাঁরা।
অনুষ্ঠানে পাঠকেরা বলেন, প্রথম আলোতে সংবাদ প্রকাশের কারণে অনেক নেতিবাচক বিষয় একপর্যায়ে ইতিবাচক ধারায় প্রবাহিত হয়েছে। যেটি তাঁদের আনন্দিত করে।
অনুষ্ঠানের শুরুতে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্মিত প্রামাণ্যচিত্র ‘সাত সাহসী’ দেখানো হয়। বাল্যবিবাহ প্রতিরোধে ময়মনসিংহের নান্দাইলের স্কুলপড়ুয়া সাত বালিকার সাহসী ভূমিকার ওপর এই প্রামাণ্যচিত্রটি তৈরি করা হয়েছে। এরপর আমন্ত্রিত অতিথিদের প্রতি ধন্যবাদ জানিয়ে ও পাঠকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। তিনি বলেন, ‘প্রথম আলোর প্রাণ হচ্ছে পাঠক। প্রথম আলো পাঠকের কথা চিন্তা করেই সংবাদ পরিবেশন করে। এই চলার পথে নানা চাপ এসেছে, ভয়ভীতির সম্মুখীন হতে হয়েছে। কিন্তু প্রথম আলো তার আদর্শ থেকে বিচ্যুত হয়নি এবং হবেও না। পাঠকেরা যেভাবে প্রথম আলোকে দেখতে চান, তাঁদের সঙ্গে নিয়ে, তাঁদের ভালোবাসাকে সঙ্গে নিয়ে একইভাবে এগিয়ে চলবে প্রথম আলো।’অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর বার্তা সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নরসিংদী প্রতিনিধি প্রণব কুমার দেবনাথ। বিশিষ্ট অতিথিদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক মোহাম্মদ আলী। তিনি বলেন, ‘প্রথম আলো অনেক সাহসিকতার পরিচয় দিয়েছে। সরকারকে সঠিক পথে চলতে বাধ্য করেছে। একটি দেশের উন্নয়নের জন্য জনমতের সরকার প্রতিষ্ঠা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম আলো সরকারের ওপর সেই চাপ অব্যাহত রাখে, যেন জনমতের গুরুত্ব দেওয়া হয়। প্রথম আলো সাধারণ মানুষের কথা বলবে, এটাই আমাদের প্রত্যাশা।’

নরসিংদী জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বাংলাদেশের ক্রমাগত উন্নয়নে প্রথম আলো ভূমিকা রেখে চলেছে। অনেক ক্ষেত্রে নেতিবাচক পরিবেশকে তারা ইতিবাচক ধারায় এনেছে। আমরা প্রথম আলোর চলার পথেই থাকব। আমাদের প্রত্যাশা থাকবে, প্রথম আলোও যেন সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সবার পাশে থাকে।’
অনুষ্ঠানে পাঠকেরা তাঁদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরেন। প্রথম আলোর আন্তর্জাতিক পাতাকে আরও বড় পরিসরে উপস্থাপনের পরামর্শ দেন পেশায় শিক্ষক নাজমুল আলম। তিনি বলেন, সার্কভুক্ত দেশগুলোতে প্রথম আলোর প্রতিনিধি থাকা উচিত। এতে কম সময়ে সঠিক সংবাদ পাওয়া যাবে।সংখ্যালঘুদের অধিকার রক্ষা এবং সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে প্রথম আলোকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাশ। স্থানীয় শিক্ষার্থী অনির্বাণ মাহমুদ বলেন, বিশেষ দিনগুলোতে তরুণদের উপজীব্য করে বিশেষ সংখ্যা প্রকাশ করা উচিত প্রথম আলোর।
অন্যদিকে প্রথম আলোর পাতায় বিজ্ঞাপনের আধিক্য নিয়ে অনুযোগ শোনা যায় শিক্ষিকা নূরজাহান বেগম ও রায়হানা সরকারের কণ্ঠে। বিশেষ দিনগুলোতে প্রথম পৃষ্ঠায় বিজ্ঞাপন কমানোর অনুরোধ করেন তাঁরা। নাগরিক সমাজের প্রতিনিধি মোস্তফা কামাল আহমেদ বলেন, ভোটাধিকার নিশ্চিত ও গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রথম আলোর দৃঢ় ভূমিকা দেখতে চান তিনি।
স্থানীয় শিক্ষার্থী ইমন বলেন, নিয়মিতই গণিত অলিম্পিয়াড বা ভাষা প্রতিযোগের মতো আয়োজন করে থাকে প্রথম আলো। এরই আদলে তরুণ লেখক বা সাহিত্যিক তৈরির উদ্যোগ নিলে আরও ভালো হবে।

স্থানীয় মেঘনা ও হাড়িদোয়া নদী রক্ষার ব্যাপারে সংবাদ পরিবেশনের আহ্বান জানান অজয় গোস্বামী। তিনি বলেন, দখল ও অন্যান্য কারণে ধ্বংস হয়ে যাচ্ছে এ দুই নদী। এ ব্যাপারে প্রথম আলোর সংবাদ পরিবেশন করা প্রয়োজন।বর্তমান শিক্ষার মান ও অভিভাবকদের ভূমিকা নিয়ে প্রথম আলোর ছাপা সংস্করণে লেখা চান জাহিদুল হক। আবার দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী পূজা সাহার বক্তব্য, মূল পত্রিকায় চাকরিপ্রার্থী ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক তরুণ শিক্ষার্থীদের জন্য পরামর্শমূলক লেখা ছাপা হওয়া প্রয়োজন।
কারিগরি শিক্ষা উদ্বুদ্ধ করার জন্য সংবাদ প্রকাশের পরামর্শ দেন স্থানীয় যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক জামালউদ্দিন। আর ব্যবসায়ী সাইফউদ্দিন বলেন, সারা দেশেই ট্রেনে নারীদের জন্য বিশেষ কোনো সিটের ব্যবস্থা নেই। এ ব্যাপারটি নিয়ে প্রথম আলোর সংবাদ পরিবেশন করা উচিত।
পাঠকের এসব মতামত ও পরামর্শ আন্তরিকতার সঙ্গে বিবেচনা করা হবে বলে জানান প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। এরপর অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব। এতে পাঠকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, বার্তা সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী, প্রথম আলো অনলাইনের ইনপুট সমন্বয়ক তানভীর সোহেল, সার্কুলেশন বিভাগের উপমহাব্যবস্থাপক অরূপ কুমার ঘোষ ও ফিচার বিভাগের প্রদায়ক সজীব মিয়া।