লিমা আক্তার থাকেন দিনাজপুর শহরে। প্রতিবেশী অষ্টম শ্রেণিতে পড়ুয়া একটি মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করত ওই এলাকার এক কিশোর। এ নিয়ে লিমা ওই কিশোরকে কয়েকবার ডেকে নিয়ে শাসিয়ে দেন। গত ৯ জুলাই মেয়েটিকে তার বান্ধবীর বাড়ি থেকে তুলে নিয়ে যায় ওই কিশোর। ওই দিনই সে মেয়েটিকে বাড়িতে পৌঁছে দিয়ে যায়। ভুক্তভোগী মেয়েটির ভাই ওই কিশোরকে ডেকে নিয়ে শাসান। এর পরদিন কিশোর আরও কয়েকজনকে নিয়ে গিয়ে মেয়েটির মা ও ভাইকে মারধর করে।
এ ঘটনার পর ভুক্তভোগী মেয়েটি অপমানে বিষপান করে। তাকে হাসপাতালে ভর্তি করার পর তিনবার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিতে হয়েছিল। সে এখন মানসিকভাবে বিপর্যস্ত। এ ব্যাপারে থানায় মামলা করার পর থেকে ওই কিশোরকে এলাকায় দেখা যাচ্ছে না।
ঘটনার পর মেয়েটির পরিবারের পাশে দাঁড়ানো ২৭ জন সাহসী নারী ও ৪ জন সাহসী পুরুষকে গতকাল সোমবার সম্মাননা ক্রেস্ট দিয়েছে দিনাজপুর যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক। বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পুতুল, মাজেদা বেগম, লাভলী, রওশন আরাসহ সাতজন সাহসী নারী বক্তব্য দেন। অনুষ্ঠানে ওই এলাকার ২৭ নারীকে ‘সাহসী কন্যা’ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আর নারীদের সহায়তা করার জন্য ৪ জন সাহসী পুরুষকেও ‘সাহসী ভাই’ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এই অনুষ্ঠানের আয়োজন করেছে দিনাজপুর যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক।
উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুরের সভাপতি কানিজ রহমান, দৈনিক উত্তর বাংলার নির্বাহী সম্পাদক জিনাত রহমান, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বকসী ও সাধারণ সম্পাদক গোলাম নবী, দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান, সংস্কৃতিকর্মী মকিদ হায়দারসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকেরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক সংগঠন ভৈরবীর সাধারণ সম্পাদক মো. রহমত উল্লাহ।