
‘জীবনের শেষ সময়ে এসে আমার আর কোনো চাওয়া-পাওয়া নেই। লোভ-লালসার ঊর্ধ্বে উঠে যেন কেবল সাধারণ মানুষের জন্য কাজ করে যেতে পারি, সেটাই একান্ত বাসনা। সাহায্য করার জন্য বিত্তের প্রয়োজন নেই, দরকার চিত্তের।’ গণসংবর্ধনার জবাবে গতকাল মঙ্গলবার এমন বক্তব্য রাখলেন সিলেটের পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে সুপরিচিত সাবেক সাংসদ হাফিজ আহমদ মজুমদার।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পূবালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও সাবেক সাংসদ হাফিজ আহমদ মজুমদারকে এ গণসংবর্ধনা দেওয়া হয়েছে। বেলা সাড়ে তিনটায় নগরের রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটোরিয়ামে এ সংবর্ধনা শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই সিলেটের বিভিন্ন শিক্ষা-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
হাফিজ আহমদ মজুমদার গণসংবর্ধনা পরিষদের আহ্বায়ক বিশিষ্ট শিক্ষাবিদ মো. সালেহ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী। অনুষ্ঠান উপলক্ষে প্রকৌশলী মোস্তফা শাহরিয়ার চৌধুরী সম্পাদিত গণসংবর্ধনা স্মারক শীর্ষক একটি পুস্তিকা প্রকাশ করা হয়।
বক্তৃতায় হাফিজ আহমদ মজুমদার বলেন, ‘শিক্ষাই পারে একজন মানুষকে আলোর পথ দেখাতে। তাই শিক্ষা বিস্তারে সাধ্যমতো চেষ্টা করেছি। সম্প্রতি প্রধানমন্ত্রী রেড ক্রিসেন্টের মতো একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে আমাকে নির্বাচিত করেছেন। এ দায়িত্ব যথাযথভাবে পালন করতে আপ্রাণ চেষ্টা করব। বাংলাদেশে রেড ক্রিসেন্টের দুই লাখ যুবক রয়েছে, যারা যেকোনো দুর্যোগ মোকাবিলায় অগ্রণী ভূমিকা রাখবে।’
গণসংবর্ধনা পরিষদের আহ্বায়ক সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মো. সালেহ উদ্দিন বলেন, ‘শিক্ষা বিস্তারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় হাফিজ আহমদ মজুমদারকে আমি “সিলেটের বিদ্যাসাগর” অভিধায় চিহ্নিত করব। তাঁর মতো ব্যক্তির সমাজে খুবই প্রয়োজন। এ ব্যক্তিকে গণসংবর্ধনা জানাতে পেরে প্রকৃতপক্ষেই আয়োজক হিসেবে আমরা নিজেদের ধন্য মনে করছি।’