'সাহায্য নয়, লিঙ্গ স্বীকৃতি কার্যকর চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় লিঙ্গের সরকারি স্বীকৃতির পরও সমাজের মূলস্রোত থেকে হিজড়া সম্প্রদায়কে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এ দেশের নাগরিক হওয়া সত্ত্বেও তারা বৈষম্যের শিকার। সাহায্যের চাইতে তাদের লিঙ্গ স্বীকৃতি কার্যকর করাই প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

গতকাল বুধবার সকালে এক মতবিনিময় সভায় হিজড়া সংস্থার নেতারা এসব কথা বলেন। কারিতাস চট্টগ্রাম অঞ্চলের ‘স্মাইল’ প্রকল্পের উদ্যোগে মাদারবাড়ি ড্রপ ইন সেন্টারে হিজড়া সম্প্রদায়ের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হিজড়া সম্প্রদায়ের নানা সমস্যা সমাধানের জন্য বিভিন্ন উন্নয়ন সহযোগীদের মনোযোগ সৃষ্টির উদ্দেশ্যেই এই সভা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কারিতাস ‘স্মাইল’ প্রকল্পের প্রোগ্রাম অফিসার মোহাম্মদ এমদাদুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর নীলু নাগ। এতে সদরঘাট পুলিশের উপপরিদর্শক মো. মফিজ উদ্দিন, উন্নয়ন কর্মী পীযূষ দাশগুপ্ত, নারীনেত্রী রোকেয়া সুলতানা বক্তব্য দেন। সভায় হিজড়া সম্প্রদায়ের ১০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সূর্যের আলো হিজড়া সংস্থার সভাপতি ফাল্গুনী হিজড়া বলেন, ‘সরকার তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিলেও এখনো আমরা জাতীয় পরিচয়পত্র নিতে পারিনি। ব্যাংক হিসাব খুলতে গেলে অথবা পাসপোর্ট তৈরি করতে গেলে পরিচয়পত্রের অভাবে ভোগান্তিতে পড়তে হয়। সাহায্যের চাইতে আমাদের লিঙ্গ স্বীকৃতি কার্যকরই এখন প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে।’

অঙ্কিতা হিজড়া বলেন, যে কোনো ফরম পূরণ করতে গেলে লিঙ্গের ঘরে নারী ও পুরুষ লেখা থাকে। এতে হিজড়াদের ‘টিক’ চিহ্ন দেওয়ার জায়গা কোথায়?

সভায় হিজড়ারা অভিযোগ করেন, মৃত্যুর পরে তাঁদের সমাধিস্থ করার জায়গা নিয়েও সমস্যায় পড়তে হয়।

কাউন্সিলর নীলু নাগ সভায় হিজড়াদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের কবরস্থানের সমস্যা সমাধান করতে কোথায় খাস জমি আছে তার খোঁজ নেন। ওই জমিতে কবরস্থান করার বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করব। জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন-সংক্রান্ত সমস্যাতেও আপনাদের পাশে থাকব।