'সাহিত্য রচনা করতে ঢাকায় মাটি কামড়ে পড়ে থাকতে হবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেছেন, ‘সাহিত্য রচনা করতে হলে ঢাকায় যে মাটি কামড়ে পড়ে থাকতে হবে, বিষয়টি এ রকম নয়; গ্রাম ও মফস্বলের লোকেরা সাহিত্যচর্চা করতে পারবেন, যদি তিনি সাহিত্যের মধ্যে থাকেন, সাহিত্যকে ভালোবাসেন। সাহিত্য রচনার সময় ভয়কে দূর করতে হবে। এ ভাবনা মনে রাখতে হবে—আমি সব মানুষের জন্যই লিখছি। সবার ওপরে থেকে লিখছি, অন্য সবার চেয়ে আমার বক্তব্য আলাদা।’
গতকাল শুক্রবার রাজশাহীতে দুই বাংলার কবিতা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসান আজিজুল হক এসব কথা বলেন। গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কবি মাইকেল মধুসূদন দত্তের ১৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়৷ উৎসব উদ্বোধন করেন হাসান আজিজুল হক। নগরের শিক্ষা বোর্ড মডেল স্কুলের মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি মাহবুবা আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনীক মাহমুদ। স্বাগত বক্তব্য দেন গাঙচিলের কেন্দ্রীয় সভাপতি এস এম রইজ উদ্দিন আহম্মদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরদার রুহুল আমীন।