'সাহিত্যিক হয়ে ওঠার কথামালা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রপাড়ের এক জেলে। গ্রামে জন্ম তাঁর। বাধা ডিঙিয়ে কলেজে অধ্যাপনা করার সময়ও ‘জাইল্যার ছেলে’ বলে কটাক্ষ করা হয়েছে তাঁকে। এমন একজন মানুষের লেখক হয়ে ওঠার গল্প শুনলেন শিক্ষার্থীরা।
গতকাল শনিবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘সাহিত্যিক হয়ে ওঠার কথামালা’ শীর্ষক অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিজের জীবনের গল্প শোনালেন হরিশংকর জলদাস। বাংলা বিভাগের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানের আয়োজন করেন। দুপুরে বিশ্ববিদ্যালয়ের হেয়াত মামুদ ভবনের গ্যালারি কক্ষে কথামালার এই আয়োজনে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের শিক্ষক তুহিন ওয়াদুদ। আলোচক ছিলেন বাংলা বিভাগের শিক্ষক নিত্য ঘোষ।
শিক্ষার্থীদের উদ্দেশে কথাসাহিত্যিক হরিশংকর জলদাস বলেন, ‘অভিজ্ঞতার বাইরে লেখা উচিত নয়। আমার জেলেজীবন নিয়ে অনেকে গালমন্দ করলেও সাহিত্যে আমার জীবন উপস্থাপন করতে কোনো দ্বিধা কাজ করে না।’ তিনি বলেন, ‘নিম্নবর্গীয়দের নিয়ে আমি যা লিখি, তাঁরা আমার লেখা পড়ার সুযোগ কম পান। নিম্নবর্গীয়রা পড়তে না পারলেও যাতে সিনেমা হিসেবে দেখতে পান, সে জন্য তিন বছর আগের লেখা উপন্যাস রামগোলাম থেকে চলচ্চিত্র নির্মাণের আশা রয়েছে।’
পিএইচডি ডিগ্রি করা প্রসঙ্গে এই কথাসাহিত্যিক বলেন, ‘আমি যেহেতু জেলে পরিবারের ছেলে, তাই গবেষণার জন্য বিষয় নির্বাচন করি “নদীভিত্তিক বাংলা উপন্যাস ও কৈবর্ত জনজীবন”।’