'সাড়ে ১৭ শ কিলোমিটার মহাসড়ক চার লেন হচ্ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের । ফাইল ছবি
ওবায়দুল কাদের । ফাইল ছবি

দেশের এক হাজার ৭৫২ কিলোমিটার মহাসড়ক পর্যায়ক্রমে চার লেনে উন্নীত করা হবে। এতে যানজট থেকে রেহাই মিলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের চন্দ্রায় নবনির্মিত বাইলেন সড়ক উদ্বোধন করতে এসে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সবচেয়ে যানজট প্রবণ এলাকা চন্দ্রা মোড়ে সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে ৫০০ মিটার দৈর্ঘ্যের একটি বাইলেন নির্মাণ করা হয়েছে। এই বাইলেনের ফলে উত্তরবঙ্গের মানুষ কিছুটা স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, চলতি মাসের শেষ দিকে গাজীপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং আগামী ডিসেম্বর থেকে জয়দেবপুর-ঢাকা র‍্যাপিড ট্রানজিট রোড এবং ঢাকায় মেট্রোরেল প্রকল্পের নির্মাণ কাজ শুরু হবে।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এবার কোরবানির ঈদে মহাসড়কের পাশে গরুর হাট বসবে না। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কঠোর নজরদারি করা হবে।