'সিঁধেল শহিদুল' আবার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা গ্রামে গত সোমবার দিবাগত রাতে চুরির প্রস্তুতির সময় শহিদুল ইসলাম ওরফে সিঁধেল শহিদুলকে (৩২) আবারও গ্রেপ্তার করেছে পুলিশ৷ এই নিয়ে তাঁকে ২১ বার গ্রেপ্তার করা হলো৷
পুলিশ জানায়, শহিদুলের বাড়ি সাপলেজা গ্রামে৷ পেশায় রিকশাচালক৷ তবে সুযোগ পেলেই তিনি সিঁধ কেটে চুরি করেন৷ এ কারণে তিনি ‘সিঁধেল শহিদুল’ নামে পরিচিত৷ প্রতিবারই তিনি গ্রেপ্তার হওয়ার পর পুলিশের কাছে চুরির কথা স্বীকার করেন৷ জামিনে ছাড়া পেয়ে আবারও চুরি করেন৷
থানাহাজতে শহিদুল প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত পুলিশ তাঁকে ২১ বার গ্রেপ্তার করেছে৷ চুরির অপরাধে বারবার কারাগারে যাওয়ায় এক বিচারক ভালো হওয়ার সুযোগ দিয়ে তাঁকে জামিন দিয়ে একটি রিকশা কিনে দিয়েছিলেন৷ তিনি ওই রিকশা বিক্রি করে দিয়ে আবারও চুরি করা শুরু করেন৷
শহিদুল বলেন, ‘চুরি হরা এহন অভ্যাস ওইয়া গ্যাছে৷ হাজতে বইয়া তবা পড়ি আর চুরি হরমু না৷ কিন্তু ছাড়া পাইয়া আবার চুরি হরি৷’
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবদুল্লাহ আল আমিন বলেন, এ ধরনের মানুষ ‘ক্রিপ্টোম্যানিয়া’ রোগে আক্রান্ত৷ অভিজাত পরিবারের মানুষের মধ্যেও এ ধরনের সমস্যা দেখা যায়৷ তবে মনোরোগ বিশেষজ্ঞরা এ ধরনের রোগীদের চিকিৎসা করে থাকেন৷ শহিদুলেরও চিকিৎসা প্রয়োজন৷
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মল্লিক বলেন, গ্রেপ্তারের পর শহিদুল চুরির ঘটনা স্বীকার করেছেন৷ গতকাল মঙ্গলবার চুরির মামলায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে৷