'সিএনজি স্ট্যান্ড' নাম দিয়ে চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল রোববার দুপুর ১২টা। সাভার বাসস্ট্যান্ড এলাকায় রাজ্জাক প্লাজার সামনে দরদাম মিটিয়ে সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন এক যাত্রী। এর পরপরই এক যুবক ওই অটোরিকশার পথ আগলে চাঁদা দাবি করেন। চালক কোনো কথা না বলে তাঁকে ৪০ টাকা দিয়ে যাত্রী নিয়ে চলে যান।
পরে জানা গেল চাঁদা আদায়কারী যুবকের নাম মনির হোসেন। বাসা সাভার পৌর এলাকার ব্যাংক কলোনিতে। মাস তিনেক হয় তিনি বাসস্ট্যান্ড এলাকায় রাজ্জাক প্লাজার সামনের অংশকে ‘সিএনজি স্ট্যান্ড’ নাম দিয়ে অটোরিকশা থেকে চাঁদা নিচ্ছেন।
এ প্রতিবেদক অটোরিকশার মালিক সেজে মনিরকে মুঠোফোনে ফোন দিয়ে রাস্তায় নতুন গাড়ি নামালে কী করতে হবে তা জানতে চান। মনির আওয়ামী লীগের এক নেতার নামে পৌরসভা থেকে সাভার বাসস্ট্যান্ড ইজারা নিয়ে চাঁদা আদায়ের কথা জানিয়ে খাতওয়ারি চাঁদার হিসাব দেন। যদিও ওই নেতার নাম বলতে অপারগতা প্রকাশ করেন তিনি। তাঁর ওই কথপোকথন হুবহু তুলে ধরা হলো
প্রতিবেদক: হ্যালো মনির ভাই না?
মনির: জি বলছি।
প্রতিবেদক: আমি দুটি অটোরিকশা কিনেছি, সাভার বাসস্ট্যান্ড থেকে চালাতে চাই।
মনির: আপনি ট্রাফিক অফিসে মান্থলি করছেন (মাসোহারা দিয়েছেন)?
প্রতিবেদক: না ভাই।
মনির: আপনে আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি সব ব্যবস্থা করে দেব।
প্রতিবেদক: সিস্টেম কী?
মনির: আগে ট্রাফিক অফিসে গাড়িপ্রতি এক হাজার টাকা ভর্তি ফি দিতে হবে।
প্রতিবেদক: আর কোনো টাকা লাগবে না?
মনির: ভর্তি ফি ছাড়াও ট্রাফিক অফিসে গাড়িপ্রতি মাসে ৫০০ টাকা দিতে হবে। সব গাড়ির মালিকই তা-ই করেন।
প্রতিবেদক: ট্রাফিক অফিস ছাড়া কি আর কোনো টাকা লাগে?
মনির: ট্রাফিক অফিস ছাড়াও গাজীপুরের নম্বরের গাড়ির জন্য ভর্তি ফি বাবদ আমাকে দিতে হবে তিন হাজার টাকা। আর ঢাকার নম্বরের গাড়ির জন্য দিতে হবে পাঁচ হাজার টাকা। এ ছাড়া ভর্তি হওয়া গাড়ির জন্য স্ট্যান্ড ব্যবহার করলেই প্রতিদিন দিতে হবে ৪০ টাকা। আর আমাকে ভর্তি ফি না দিলে প্রতি ট্রিপে প্রতি গাড়ির জন্য দিতে হবে ২০ টাকা।
প্রতিবেদক: আর কাউকে চাঁদা দিতে হবে না কি?
মনির: রাজ্জাক প্লাজার সামনে ছাড়া মহাসড়কের পূর্ব পাশে সুরুচি হোটেলের সামনে থেকে যাত্রী নিলে প্রতিবার দিতে হবে ২০ টাকা।
প্রতিবেদক: সেখানে আবার কে চাঁদা নেন।
মনির: সুমন নামে এক ব্যক্তি।
মনিরের সঙ্গে কথোপকথন শেষে সুরুচি হোটেলের সামনে গিয়ে এক যুবককে চাঁদা আদায় করতে দেখা যায়। তাঁর পরিচয়সহ চাঁদা নেওয়ার কারণ জানতে চাইলে তিনি উত্তর না দিয়ে সটকে পড়েন। চাঁদা আদায় করতে দেখা যায় ধসে পড়া রানা প্লাজার সামনে থেমে থাকা ভাড়ায়চালিত ব্যক্তিগত গাড়ি থেকেও। কয়েকজন তরুণ সেখানে অবস্থান নিয়ে চাঁদা আদায় করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চালক জানান, পৌরসভা থেকে ইজারা নেওয়ার কথা বলে তরুণেরা ভয়ভীতি দেখিয়ে তাঁদের কাছ থেকে গাড়িপ্রতি ৩০ থেকে ৪০ টাকা চাঁদা আদায় করেন। তাঁদের মতো আরও কয়েকজন তরুণ বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন স্থানে ছোট গাড়ি থেকে চাঁদা নেন।
এসব তরুণের সঙ্গে আলাপকালে তাঁরা নিজেদের পরিচয় না দিয়ে পৌরসভার ইজারাদারের লোক হিসেবে চাঁদা আদায় করছেন বলে দাবি করেন। ইজারাদারের নাম জানতে চাইলে তাঁরা পৌরসভায় খোঁজ নেওয়ার পরামর্শ দেন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে সাভার পৌরসভার মেয়র রেফাত উল্লাহ জানান, পৌরসভা থেকে বাসস্ট্যান্ড এলাকায় কাঁচাবাজার ও কুলিস্ট্যান্ডের ইজারা দেওয়া হয়েছে। যানবাহন থেকে চাঁদা আদায়ের কোনো ইজারা দেওয়া হয়নি। কেউ চাঁদা আদায় করলে তাঁদের আটক করে পুলিশে দেওয়ার পরামর্শ দেন তিনি।
এ প্রসঙ্গে সাভার ট্রাফিক বিভাগের পরিদর্শক ফরহাদ হায়দার জানান, মনির নামে কাউকে তাঁরা চেনেন না। তাঁদের কোনো কর্মকর্তা বা কনস্টেবল অটোরিকশা থেকে ভর্তি ফি বা চাঁদা আদায় করেন না। পুলিশের ভয় দেখিয়ে মনির বা অন্য কেউ চাঁদা আদায় করতে পারেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, মাঝেমধ্যেই বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজদের আটক করা হয়। লিখিত অভিযোগ না পাওয়ায় অনেক ক্ষেত্রেই তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায় না। এরপরও চাঁদাবাজদের ধরতে ব্যবস্থা নেওয়া হবে।