গত বছরের ১৫ জুন সিটি করপোরেশনের নির্বাচনের পর সিলেটে নগরপিতার পদে ঘটে পালাবদল। ‘পরিবর্তন’ আওয়াজে জয়ী হন বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী। অন্যদিকে ‘উন্নয়নের ধারা’ অব্যাহত রাখার স্লোগানে টানা ১৮ বছর পর পরাজিত হন আওয়ামী লীগ নেতা বদরউদ্দিন আহমদ কামরান। গত বছরের ১৮ সেপ্টেম্বর আরিফ মেয়রের দায়িত্ব গ্রহণ করেন। আজ এক বছর পূর্ণ হওয়ার দিনকে সামনে রেখে দুজনের মুখোমুখি হন সিলেটে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও সিলেট প্রতিনিধি। তাঁদের কথায় গত এক বছরের মূল্যায়ন।

‘উন্নয়ন কর্মকাণ্ড একটি চলমান প্রক্রিয়া। আমি এমন কিছু করতে চাই, যাতে নগরবাসী আমার আমলের পরও আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারেন, এই কাজ অমুক করেছে।’ দায়িত্ব নেওয়ার এক বছরে কী করেছেন—এমন প্রশ্ন নিয়ে হাজির হলে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী কথার শুরুটা এভাবেই করেন। গত সোমবার সন্ধ্যায় নগরের কুমারপাড়ায় তাঁর নিজ বাসায় প্রথম আলোর সঙ্গে একান্তে কথা হয়।
‘আঙুল দিয়ে দেখিয়ে’ দেওয়ার কাজ কি তাহলে শুরু হয়েছে? আরিফের জবাব, ‘হ্যাঁ, শুরু হয়েছে।’ বলেন, ‘আমার কাজই এখন কথা বলছে। এবারের বাজেট দেখলেই বোঝা যায়। যে সিটি করপোরেশনের শূন্য তহবিল নিয়ে আমি যাত্রা শুরু করেছিলাম, সেই সিটি করপোরেশনের আয় গত অর্থবছরের তুলনায় অনেক গুণ বেড়ে গেছে। আয়ের নিত্যনতুন খাত তৈরি করছি। আমি চাই, সিটি করপোরেশন হোক সেলফমেড। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট-ড্রেন-নালা—এগুলো তো হচ্ছে এবং হবেই। সেলফমেড করাটা কিন্তু ভবিষ্যতের জন্য একটি বড় ক্ষেত্র তৈরি করা। আমি এদিকেই অগ্রসর হচ্ছি।’
‘সেলফমেড’ সিটি করপোরেশন কি আগে ছিল না? মেয়র বলেন, ‘ছিল না বলেই তো আগে শোনা গেছে, বরাদ্দ না পাওয়ায় উন্নয়ন হচ্ছে না। আসলে টাকার জন্য অন্যের মুখাপেক্ষী হয়ে থাকলে চলবে না। উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি প্রতিদিন আমি সেলফমেড সিটি করপোরেশনের চিন্তা মাথায় রেখে এগোচ্ছি। আয়ের দিক দিয়ে সিটি করপোরেশন যদি সেলফমেড হয়, তাহলে উন্নয়ন কর্মকাণ্ডের জন্য বরাদ্দ নেই তো উন্নয়ন নেই—এমনটি আর নগরবাসীকে শুনতে হবে না।’
বিগত চারদলীয় জোট সরকার আমলে নগর বিএনপির সভাপতি থাকাকালে আরিফুল হক চৌধুরী একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলরও ছিলেন। রাজনীতির নানা চড়াই-উতরাই পেরিয়ে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হওয়া—এ প্রাপ্তি নিয়ে আত্মতৃপ্তিতে নেই বলে জানান মেয়র আরিফ। বলেন, ‘আমি নগরপিতা নই, নগরের সেবক। ১৮ বছরের এক বন্ধ্যাকাল অতিক্রম করে স্বয়ংসম্পূর্ণ হয়ে দাঁড়াতে চাই। নির্বাচনের আগে বলেছিলাম, জলাবদ্ধতার জন্য শুধু উদ্যোগ আর চেষ্টা থাকলেই সুফল মিলবে। ছড়াগুলো মুক্ত করার পর এবার আর জলাবদ্ধতার দেখা মেলেনি। ফুটপাতে লোক দেখানো কোনো উচ্ছেদ অভিযান করে থেমে থাকিনি। অব্যাহত আছে।’
রাস্তাঘাটসহ অবকাঠামোগত উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া বলে মনে করেন মেয়র। তিনি বলেন, ‘এ জন্য সুষ্ঠু পরিকল্পনা থাকলেই হয়। এগুলো আজ না-হয় কাল তো বাস্তবায়ন হবেই। এটা নিয়ে আমি কোনো ক্রেডিট নিতে চাই না। আমি আমার কিছু স্বতন্ত্র কাজ আলাদা করে, ভবিষ্যতের জন্য মাইলফলক হিসেবে দেখাতে চাই। গত এক বছরে নগর পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে সফলতা দেখিয়েছি। নগরের সৌন্দর্য বাড়িয়েছি। এ থেকে নিত্যনতুন প্রকল্পও উদ্ভাবিত হয়েছে। নগর বিদ্যুৎ পরিকল্পনা তারই ফসল। বিদ্যুৎ-সংকট কাটানোর পাশাপাশি আয় করার ভাবনাটা কিন্তু ওই সেলফমেড সিটি করপোরেশন গড়ার পথে পা বাড়ানো।’
নগর ভবন ঘিরে নতুন পরিকল্পনার কথা জানান মেয়র। এসবের মধ্যে রয়েছে ওয়ার্ড কাউন্সিলরদের দপ্তরের কিছু প্রশাসনিক বিন্যাস ও ‘ই-সেবা’ চালু। তিনি মনে করেন, সিলেট প্রবাসী-অধ্যুষিত হওয়ায় ই-সেবার প্রচলন হলে নাগরিকদের আর সিটি করপোরেশনে ধরনা দিতে হবে না, বরং সেবা যাবে নাগরিকের দোরগোড়ায়। নগরের ব্যস্ততম জিন্দাবাজার মোড়ে সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা মহানগর পুলিশও গ্রহণ করেছে জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান সময়টা তথ্যপ্রযুক্তির। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নাগরিক সেবার প্রসার ঘটাতে হবে।’
আগামী এক বছর সিটি করপোরেশনের চলমান উন্নয়ন পরিকল্পনা অব্যাহত থাকার পাশাপাশি নতুন একটি পরিকল্পনা বাস্তবায়নের দিকে অগ্রসর হওয়ার কথা মেয়র জানান। সেটি হচ্ছে, নগরের প্রাণকেন্দ্র চৌহাট্টা থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত বৈদ্যুতিক লাইন মাটির নিচ দিয়ে নেওয়া এবং ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের মধ্যে রাখা।
নগর ভবনকে রাজনীতিমুক্ত রাখার কথা পুনর্ব্যক্ত করে মেয়র বলেন, ‘আগেও বলেছি, এক বছর পরও বলছি, ভবিষ্যতের জন্যও বলি, নগর ভবন থাকবে রাজনীতিমুক্ত। আমার রাজনৈতিক পরিচয় থাকবে, সক্রিয়তাও থাকবে। কিন্তু মেয়র হিসেবে আমি সবার।’