চট্টগ্রাম পৌরসভার ১৫০ বছর পূর্তিতে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা গতকাল রোববার শেষ হয়েছে। সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, চট্টগ্রাম মহানগরের যথাযথ উন্নয়নে সিটি গভর্নমেন্ট পদ্ধতি বাস্তবায়ন করা প্রয়োজন। নগরের উন্নয়নে ঐক্যবদ্ধ থেকে কাজ করা উচিত।নগরের কিং অব চিটাগং কমিউনিটি সেন্টারে সমাপনী অনুষ্ঠানটি হয়। সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংসদ ও বিএনপির নেতা জাফরুল ইসলাম চৌধুরী, জাতীয় সংসদের সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমদ। প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেন, সরকার আসে, সরকার যায়। বিগত সময়ে মেয়র ও প্রশাসকের দায়িত্বে যাঁরা ছিলেন, তাঁরা নগরের উন্নয়নে কী করলেন তা জনগণের আলোচনায় থাকে। করপোরেশনের উন্নয়ন জোরালো করতে সিটি গভর্নমেন্টের মাধ্যমে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় করা দরকার।আবদুল্লাহ আল নোমান বলেন, ‘রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে। কিন্তু চট্টগ্রামের উন্নয়নে দলমত-নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে। চট্টগ্রাম সিটি করপোরেশনকে দলীয় প্রভাবমুক্ত রাখতে হবে। মেয়র নির্বাচিত হওয়ার তিন বছরে আমরা মেয়রকে কোনো ধরনের চাপ প্রয়োগ করিনি।’ সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম বলেন, ‘করপোরেশনের সার্বিক কার্যক্রম গুণগত মান রক্ষা করে স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে পরিচালনা করা হচ্ছে। আমাদের সীমাবদ্ধতা রয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি।’ জাফরুল ইসলাম চৌধুরী বলেন, জলাবদ্ধতা তুলনামূলক আগের চেয়ে অনেকটা কমেছে। পরিচ্ছন্ন কার্যক্রমের তদারকি বাড়াতে হবে। এতে আরও বক্তব্য দেন মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, অবসরপ্রাপ্ত কর্মকর্তা এম এ বারী, লাইট সুপারভাইজার মো. সিরাজুল মওলা প্রমুখ।