'সিটি মার্কেট' অপসারণে প্রশাসনের নোটিশ
কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকায় সরকারি খাসজমি ও সড়ক দখল করে নির্মিত ছয়তলা সিটি মার্কেট উচ্ছেদের জন্য মামলা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে গতকাল সোমবার এ-সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়েছে।
স্থাপনা অপসারণের জন্য কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে স্থাপনা সরানো না হলে জেলা প্রশাসন ম্যাজিস্ট্রেট নিয়োগ করে এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেবে। জেলা প্রশাসক হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
আদর্শ সদর উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৮ আগস্ট কান্দিরপাড় সড়কের ২৪২ নম্বর ছোটরা মৌজার ১ নম্বর খতিয়ানের ১৪৯৩ দাগের ৩২ দশমিক ৫০ শতক জায়গার ওপর কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ছয়তলাবিশিষ্ট সিটি মার্কেট নির্মাণ করতে শুরু করে সিটি করপোরেশন। আদর্শ সদর উপজেলা ভূমি কার্যালয় নগরের বিভিন্ন সরকারি খাসজমি মাপতে গিয়ে জানতে পারে ওই জমির মালিক সরকার। ২৩ আগস্ট আদর্শ সদর উপজেলার তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে অনুরোধ জানিয়ে একটি নোটিশ দেন। পরে আরেকটি নোটিশ দেওয়া হয়। কিন্তু কোনো কাজ না হওয়ায় উপজেলা ভূমি কার্যালয় আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন। ১৮ অক্টোবর আদর্শ সদর উপজেলা ভূমি কার্যালয় অবৈধ দখলদারকে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া যেতে পারে মর্মে জেলা প্রশাসনকে চিঠি দেয়। এ পরিপ্রেক্ষিতে গত রোববার উচ্ছেদ মামলা হয়।