'সিদ্দিকী'কে 'বিশ্বাস' বলায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়োজন ছিল জাঁকজমকপূর্ণ। দেশবরেণ্য উদ্ভিদবিজ্ঞানীরা ছাড়াও সরকারের একজন সচিব, সরকাির-বেসরকাির কর্মকর্তা, গবেষক, কলেজ-বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের কয়েকজন শিক্ষক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি করা হয়েছিল ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে।
সূচনাপর্বে স্বাগত বক্তব্য দিতে গিয়ে অনুষ্ঠানের সভাপতি বিজ্ঞানী এম এম হক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে ভুল করে ‘আব্দুল লতিফ বিশ্বাস’ বলেন৷ তিনি লতিফ সিদ্দিকীর মন্ত্রণালয়ের নামও ভুল করেন৷ আর তাতেই ঘটে বিপত্তি। মন্ত্রী চটে যান। একপর্যায়ে মন্ত্রী অনুষ্ঠানস্থল ত্যাগ করেন৷ তবে সাংবাদিকদের অনুরোধে মন্ত্রী ছবি তুলতে দিতে রাজি হন।
গত শনিবার বগুড়ায় টিএমএসএস ফাউন্ডেশনের আল্লামা মিলনায়তনে বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির (বিবিএস) কেন্দ্রীয় বার্ষিক সম্মেলনে এ ঘটনা ঘটে। বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি ও টিএমএসএস যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।
আয়োজক সূত্রে জানা গেছে, বোটানিক্যাল সোসাইটির বার্ষিক সম্মেলন প্রতিবার ঢাকায় হয়। এবার বগুড়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার সকাল ১০টার দিকে নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান শুরুর কিছুক্ষণের মধ্যে আবদুল লতিফ সিদ্দিকী অনুষ্ঠানস্থলে পৌঁছান। এরপর স্বাগত বক্তব্য দেওয়ার সময় এম এম হক অসাবধানতাবশত মন্ত্রীর নাম আব্দুল লতিফ বিশ্বাস বলেন। আর এতেই মন্ত্রী ক্ষুব্ধ হয়ে চলে যান৷ এর পরও অনুষ্ঠান চলে।
বিশেষ অতিথির বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান। এ ছাড়া বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক এম ইমদাদুল হক, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোরশেদ আলম, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম, বিসিএলের ব্যবস্থাপনা পরিচালক টি এম আলী হায়দার প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে বক্তারা জানান, এ দেশে পৃথিবীর অনেক বড় দেশের চেয়ে বেশি উদ্ভিদ রয়েছে। এসব উদ্ভিদকে গবেষণার মাধ্যমে কাজে লাগাতে হবে।
এ ব্যাপারে বক্তব্য জানতে এম এম হকের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি৷ তবে নাম প্রকাশে অনিচ্ছুক আয়োজকদের একাধিক সদস্য বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।