‘সিন্ডিকেটের সভা অস্বচ্ছ অস্পষ্ট ও প্রহসনমূলক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থী জুবায়ের আহমেদ হত্যাকাণ্ডের ঘটনায় গত সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার বিষয়টি অস্বচ্ছ, অস্পষ্ট ও প্রহসনমূলক বলে উল্লেখ করেছেন শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলনরত শিক্ষকেরা। তাঁরা সাত দফা দাবি জানিয়ে আজ বুধবার থেকে ছয় দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন।শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলনরত শিক্ষকেরা গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা দেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন শিক্ষক সমাজের ব্যানারে গঠিত আন্দোলন পরিচালনা পর্ষদের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন। সংবাদ সম্মেলনে বলা হয়, জুবায়ের হত্যাকাণ্ডের ঘটনায় গত সোমবার বিকেল পাঁচটায় বিশেষ সিন্ডিকেট হওয়ার কথা থাকলেও প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়, বেলা সাড়ে ১১টার দিকে ওই সভা হয়েছে। সভার সিদ্ধান্তের বিষয়ে বিকেলে সিন্ডিকেট সচিব বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকের কাছে প্রমাণ চাইলে তিনি প্রমাণ দেখাতে পারেননি। সিন্ডিকেটের এই অস্বচ্ছতা, অস্পষ্টতা ও প্রশাসনের প্রহসনমূলক পদক্ষেপের কারণে তাদের দাবি অনুযায়ী সভায় নেওয়া পদক্ষেপগুলোর কার্যত কোনো বৈধতা থাকছে না।শিক্ষকেরা আজ বুধবার ক্যাম্পাসে গণসংযোগ, কাল বৃহস্পতিবার ধর্মঘট, কালো পতাকা মিছিল ও ঢাকা-আরিচা মহাসড়কে বেলা ১১টার দিকে মানববন্ধন, শনিবার বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অনশন, রোববার ঢাকায় গণসংযোগ, সোমবার প্রশাসনিক ভবনের সামনে অনশন ও সমাবেশ, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনের দিন বিশ্ববিদ্যালয়ের আচার্যের সঙ্গে সাক্ষাতের কর্মসূচি ঘোষণা করেন।সংবাদ সম্মেলনে শিক্ষক এম এ মতিন, শামছুল আলম সেলিম, রাইহান রাইন, এ টি এম আতিকুর রহমান, মাফরুহী সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।এদিকে ‘সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা জুবায়ের হত্যাকাণ্ডের ঘটনায় তাঁদের চলমান আন্দোলন স্থগিত ঘোষণা করেছেন। আন্দোলনরত শিক্ষার্থী সৌমিত জয়দ্বীপ প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবিসহ বিভিন্ন বিষয়ে আশ্বাস দেওয়ায় আমরা জুবায়ের হত্যাকাণ্ডের ঘটনায় আমাদের আন্দোলন স্থগিত করেছি। তবে সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’ তিনি বলেন, ‘জুবায়ের হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ফৌজদারি মামলা করেছে, তা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর এবং হত্যার ঘটনাটি বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি।’শিক্ষকদের অভিযোগের ব্যাপারে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান দেখিয়ে সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে গত সোমবার সিন্ডিকেটের সভায় জুবায়ের হত্যাকাণ্ডের ঘটনায় সাতজনকে আজীবন ও ছয়জনকে দুই বছরের জন্য বহিষ্কার এবং তাঁদের সবার ছাত্রত্ব বাতিল করা হয়েছে। এ ছাড়া জুবায়েরের পরিবারকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দুই লাখ টাকা অনুদান এবং তাঁর পরিবারের একজন সদস্যকে যোগ্যতার ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়াসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে। এ ক্ষেত্রে কোনো অস্বচ্ছতা করা হয়নি।ছাত্রলীগের কর্মীদের হামলায় গত ৯ জানুয়ারি ভোরে ইংরেজি বিভাগের ছাত্র ছাত্রলীগের কর্মী জুবায়েরের মৃত্যু হয়।