‘সিপাহি সেলিম রেজার নেতৃত্বে ডিজির বাংলোয় আক্রমণ হয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানা হত্যা মামলার সাক্ষ্যে হাবিলদার বাবুল মিয়া বলেছেন, সিপাহি সেলিম রেজার নেতৃত্বে ওবায়দুল, ইব্রাহিম, আলতাফ, হাবিব, শাহীন, মহসিন আলী ও হাবিলদার জসিম উদ্দিনসহ ১০-১২ জন বিদ্রোহী গুলি করতে করতে মহাপরিচালকের (ডিজি) বাংলোয় আক্রমণ করেন। কিছুক্ষণ পর বাংলোর ভেতর এলোপাতাড়ি গুলির শব্দ শোনা যায়।রাজধানীর বকশিবাজারে সরকারি আলীয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত মহানগর দায়রা জজ আদালতের অস্থায়ী বিশেষ আদালতে গতকাল সোমবার বাবুল মিয়া সাক্ষ্য দেন। তিনি এ মামলার ৪০তম সাক্ষী। ৪১ ও ৪২তম সাক্ষী যথাক্রমে নায়েক রবীন্দ্র কুমার পাল ও সুবেদার আনোয়ারুল ইসলামও গতকাল সাক্ষ্য দেন। তাঁদের জেরা করেন আসামিপক্ষের কয়েকজন আইনজীবী। পরে জেলা ও দায়রা জজ জহুরুল হক মামলার কার্যক্রম কাল বুধবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত মুলতবি করেন।জবানবন্দিতে বাবুল মিয়া বলেন, তিনি বিডিআরে বিদ্রোহের প্রথম দিন ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল সাতটা থেকে পিলখানায় ডিজির বাংলোর গার্ড কমান্ডারের দায়িত্বে ছিলেন। গার্ডের দায়িত্বে ছিলেন আরও ১৩ জন। তিনি ছিলেন বাংলোর প্রধান ফটকে। বাংলোয় ঢুকতে বাধা দিলে সিপাহি সেলিম রেজা তাঁকে গুলি করতে অস্ত্র তাক করেন। তিনি মাটিতে শুয়ে পড়লেও তিনি গুলি করেন। তিনটি গুলি তাঁর পাঁজরের বিভিন্ন স্থানে বিদ্ধ হয়। ল্যান্স নায়েক মোস্তফা ও সিপাহি বদরুল তাঁকে প্রধান ফটকের রাস্তা থেকে উদ্ধার করে বিডিআর হাসপাতালে নিয়ে যান। ওই দিন রাতে তাঁকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়।বাবুল বলেন, সেদিন সকাল আটটার কিছু পরে তৎকালীন বিডিআরের ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ বাংলো থেকে অফিসে যান। আটটা ৫০ মিনিটের দিকে তিনি বাংলোর সামনে দিয়ে দরবার হলের দিকে যান। সাড়ে নয়টার দিকে তিনি (বাবুল) গুলির শব্দ শুনে গার্ডদের বাংলোর নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেন। কিন্তু অধিকাংশ গার্ড নির্দেশ অমান্য করেন। কিছুক্ষণ পর ডিজির বাংলোয় আক্রমণ হয়।৪১তম সাক্ষী আদালতকে বলেন, সিপাহি হাফিজ, ল্যান্স নায়েক মুসা মিয়া, সিপাহি আসাদুজ্জামান ও আরিফুল ইসলামসহ বিদ্রোহীদের দরবার হল লক্ষ্য করে তিনি গুলি করতে দেখেছেন। ৪২তম সাক্ষী বলেন, তিনি মসজিদের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকা লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার হোসেনকে উদ্ধার করে ১৩ ব্যাটালিয়নের মেসে নিয়ে যান। বাবুর্চির পোশাক পরিয়ে তাঁকে রক্ষা করেন।