‘সিরু মিয়াসহ চার সহযোদ্ধাকে হত্যা করে পাকিস্তানি সেনারা’
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের একাদশ সাক্ষী মুক্তিযোদ্ধা শফিউদ্দিন আহমেদের সাক্ষ্য গ্রহণ গতকাল বুধবার শেষ হয়েছে। জবানবন্দিতে তিনি বলেন, পাকিস্তানি সেনারা সিরু মিয়া দারোগাসহ তাঁর চার সহযোদ্ধাকে গুলি করে হত্যা করেছে।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে দুই সদস্যের (এক সদস্য অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল শফিউদ্দিনের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালু। পরে তাঁকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম।জবানবন্দিতে শফিউদ্দিন (৫৮) বলেন, তাঁর বাড়ি কুমিল্লার হোমনা থানার রামনগর গ্রামে। ১৯৭০ সালে উচ্চমাধ্যমিক শ্রেণীতে লেখাপড়ার জন্য তিনি করাচি যান। একাত্তরের জুন মাসে দেশে ফেরেন। ওই সময় পাশের গ্রাম রামকৃষ্ণপুরে সিরু মিয়া দারোগার বাড়িতে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে যোগ দেন।সাক্ষী বলেন, ২৭ অক্টোবর তাঁরা ছয়জন মুক্তিযোদ্ধা ভারতে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন সিরু মিয়া দারোগা, তাঁর ছেলে আনোয়ার কামাল, নজরুল ইসলাম, সৈয়দ আবুল কাশেম ও জাহাঙ্গীর সেলিম। কিন্তু কসবা থানার তন্তর চেকপোস্টের কাছে তাঁরা পাকিস্তানি সেনাদের হাতে ধরা পড়েন। নজরুল ও সিরু মিয়ার কাছে দুটি রিভলবার ছিল, পাকিস্তানি সেনারা তা নিয়ে নেয়। এরপর তাঁদের ব্রাহ্মণবাড়িয়া শহরের অন্নদা স্কুলের সামনে কালীবাড়িতে (তৎকালীন নাম রাজাকার মঞ্জিল) আটকে রাখা হয়। পরদিন সকালে তাঁদের নিয়ে যাওয়া হয় ব্রাহ্মণবাড়িয়া কলেজের সামনে দানা মিয়ার বাড়িতে। এটি ছিল পাকিস্তানি সেনাদের নির্যাতন ক্যাম্প। তখন পাকিস্তানি ক্যাপ্টেন আলী রেজা, ব্রিগেডিয়ার সাদাতউল্লাহ, মেজর আবদুল্লাহ সেখানে তাঁদের নির্যাতন করেন। এতে তাঁরা জ্ঞান হারান। সন্ধ্যার দিকে জ্ঞান ফিরলে তাঁদের ব্রাহ্মণবাড়িয়া থানাহাজতে পাঠানো হয়। দু-তিন দিন তাঁদের দানা মিয়ার বাড়িতে নিয়ে নির্যাতনের পর ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়।শফিউদ্দিন বলেন, ২১ নভেম্বর ঈদুল ফিতরের দিন রাতে কারাগারে পাকিস্তানি সেনাদের একটি গাড়ি যায়। সেনারা নাম ডেকে ডেকে ৪০ জন বন্দীকে বেঁধে গাড়িতে তোলে। তখন ব্রিগেডিয়ার সাদাতউল্লাহ তাঁকে (সাক্ষী) দেখিয়ে বলেন, ‘ফেরেশতাকো ছোড় দো।’ এরপর তাঁর বাঁধন খুলে কারাগারের ৪ নম্বর কক্ষে রেখে বাকিদের নিয়ে যাওয়া হয়। পরদিন সকালে শুনতে পান, ওই ৩৯ জনকে হত্যা করা হয়েছে। মুক্তিযুদ্ধ শেষে তিনি কারাগার থেকে মুক্তি পান। পরে গ্রামে গিয়ে শোনেন, ওই ৩৯ জনের মধ্যে চিনু নামের এক মুক্তিযোদ্ধা বেঁচে গেছেন। চার-পাঁচ মাস পর চিনুর সঙ্গে তাঁর ঢাকায় দেখা হয়। চিনুর বাঁ পাঁজরে গুলি লেগেছিল। চিনু তাঁকে বলেন, ৩৮ জনকে গুলি করে পৈরতলায় মাটিচাপা দেওয়া হয়েছে, যাঁদের মধ্যে সিরু মিয়া, আনোয়ার কামাল, নজরুল ইসলাম ও আবুল কাশেম ছিলেন।সাক্ষী বলেন, স্বাধীনতার পর সিরু মিয়ার স্ত্রী তাঁকে জানান, তিনি গোলাম আযমের সঙ্গে দেখা করে একটি চিঠি নিয়েছিলেন।আজ বৃহস্পতিবার এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।সাঈদীর পক্ষে পরবর্তী সাক্ষ্য গ্রহণ রোববার: একই ট্রাইব্যুনাল গতকাল জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলায় আসামিপক্ষের পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য রোববার দিন ধার্য করেন।