'সিলেট সিক্সারস'-এর আত্মপ্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল হিসেবে ‘সিলেট সিক্সারস’ আত্মপ্রকাশ করেছে। গতকাল রোববার বিকেলে নগরের মাছিমপুর এলাকার আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দল আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের ঘোষণা দেয়।

বিকেল সাড়ে পাঁচটায় সিলেট সিক্সারসের পক্ষে সংবাদ সম্মেলন শুরু হয়। দলটির চেয়ারম্যান স্থপতি সাহেদ মুহিত জানান, সিলেটি পৃষ্ঠপোষকতায় ও ব্যবস্থাপনায় দলটি সংগঠিত হয়েছে। এই প্রথমবারের মতো সিলেটবাসী তাদের নিজ স্টেডিয়ামে বিপিএলের খেলা উপভোগ করতে পারবে। দলটি সিলেটবাসীর সর্বোচ্চ সমর্থন প্রত্যাশা করছে।

সংবাদ সম্মেলনে সাহেদ মুহিত ছাড়াও জাতীয় দলের সাবেক ক্রিকেটার ফারুক আহমদ, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম বক্তব্য দেন। এরপর দলের লোগো উন্মোচন করা হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

লোগো উন্মোচন অনুষ্ঠানে গ্রিন ডেলটা ইনস্যুরেন্সের উপদেষ্টা নাসির এ চৌধুরী, স্কয়ার ফুডস অ্যান্ড বেভারেজ লিমিটেডের পরিচালক অঞ্জন চৌধুরী, জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান ও নাসির হোসেন বক্তব্য দেন। সাব্বির ও নাসির বক্তৃতায় সিলেটের এই দলটির হয়ে ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ লিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

সিলেট সিক্সারসের উপদেষ্টা পর্ষদের চেয়ারম্যান হিসেবে রয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বক্তৃতায় তিনি বলেন, ‘বঙ্গবন্ধু নিজে একজন ফুটবল খেলোয়াড় ছিলেন। খেলার মাঠে তিনি প্রায়ই উপস্থিত থাকতেন। তাঁর সুযোগ্য মেয়ে শেখ হাসিনাও খেলাপাগল মানুষ। একসময় আমি নিজেও কিশোর বয়সে খেলতাম। এই বুড়ো বয়সে বিপিএলে একটি দল পরিচালনায় যুক্ত হয়েছি। নিশ্চয়ই দলটি সিলেটে নতুন করে ক্রিকেট উন্মাদনা তৈরি করবে।’