‘সিলেট-১ আসনে ইলিয়াসকে প্রার্থী দেখতে চাই’
‘সিলেটবাসীর প্রিয় নেতা ইলিয়াস আলীকে ফেরত দিন। আমরা তাঁকে আগামী সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে প্রার্থী দেখতে চাই।’ বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবির সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে তাঁর প্রার্থিতার এ দাবির কথা জানিয়েছেন সিলেট নগরের বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতা-কর্মীরা। গতকাল বুধবার দুপুরে সিলেট সিটি করপোরেশনের ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ড বিএনপির যৌথ সভা থেকে নেতা-কর্মীরা এ দাবি জানান। দুপুরে নগরের মিরাবাজারে অনুষ্ঠিত এ সভায় বিএনপির তৃণমূল পর্যায়ের কর্মী-সমর্থকেরা বক্তব্য দেন। তাঁরা বলেন, ‘ইলিয়াস আলী সিলেটের সবচেয়ে জনপ্রিয় নেতা। যে মুহূর্তে সিলেটের মানুষ ইলিয়াস আলীকে নিয়ে তাদের সমৃদ্ধির স্বপ্নজাল বুনছিল, ঠিক সেই মুহূর্তে সিলেটকে নেতৃত্বশূন্য করতে ইলিয়াস আলীকে অপহরণ করে গুম করে রাখা হয়েছে। ইলিয়াস আলীকে গুম করার পর থেকে ধীরে ধীরে সিলেটের বিএনপি দুর্বল হয়ে পড়ছে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ইলিয়াস ফিরবেন বলে। ফিরে এলে আগামী জাতীয় নির্বাচনে তাঁকে মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে বিএনপিদলীয় প্রার্থী হিসেবে দেখতে চাই।’ ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন ওয়ার্ড কাউন্সিলর দিনার খান। এম ইলিয়াস আলী গত ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে ‘নিখোঁজ’ হন।