‘সিলেটবাসী দুঃখী ভাই বঙ্গবন্ধুর নামে কিছু নাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সিলেটবাসী দুঃখী ভাই, বঙ্গবন্ধুর নামে কিছু নাই’ লেখা প্ল্যাকার্ড নিয়ে নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বদল করার আহ্বান জানিয়ে গতকাল সোমবার মানববন্ধন করেছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বেলা ১১টায় শিক্ষার্থীরা মানববন্ধন করে ইঞ্জিনিয়ারিং কলেজকে ‘বঙ্গবন্ধু প্রকৌশল বিশ্ববিদ্যালয়’ নামকরণ করার দাবি জানান। ২৪ মার্চ সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সামনে রেখে শিক্ষার্থীরা মানববন্ধন করেন। মানববন্ধনে একাত্ম হওয়া শিক্ষার্থীরা জানান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে প্রতিষ্ঠিত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ২০০৮ সালে ২৬ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছিল। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা শিক্ষাপ্রতিষ্ঠানে ২০১০ সালের মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নামের দুটো বিভাগ চালুর কথা ছিল। কিন্তু প্রতিষ্ঠার প্রায় চার বছরেও ওই বিভাগ চালু হয়নি। শিক্ষার্থীরা জানান, তিনটি বিভাগের জন্য অবকাঠামোগত সুবিধা শুরুতেই তৈরি করা হয়েছিল। প্রশাসনিক ভবন, ল্যাব-কাম লাইব্রেরি, বিভাগভিত্তিক ভবনসহ পাঠদানের যাবতীয় উপকরণ শুরু থেকেই রয়েছে। কিন্তু বিভাগ সমপ্রসারিত না হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী শূন্যতায় শিক্ষাপ্রতিষ্ঠানটি স্থবির হয়ে পড়েছে। মানববন্ধনের সংগঠক শিক্ষার্থী মেহেদী হাসান, সিদ্ধার্থ দুর্গা প্রসাদ সোম, আবু বক্কর সিদ্দিক জানান, শিক্ষার্থীরা সর্বসম্মত হয়ে বঙ্গবন্ধু প্রকৌশল বিশ্ববিদ্যালয় নাম প্রস্তাব করেছেন। তাঁরা আশা করছেন, প্রধানমন্ত্রী সিলেট সফরকালে এ ব্যাপারে একটি ঘোষণাও দেবেন।