'সিলেটবাসীর সঙ্গে বঙ্গবন্ধুর আত্মিক সম্পর্ক ছিল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যৌবন বয়সেই সিলেটের বিভিন্ন রাজনৈতিক সভায় বক্তৃতা দিয়ে এখানকার মানুষকে মোহিত করেছিলেন। তাঁর রাজনৈতিক জীবনের বহু গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী সিলেটবাসী। এ অঞ্চলের সাধারণ মানুষের সঙ্গে তাঁর ছিল মধুর সম্পর্ক। সিলেটবাসীর সঙ্গে বঙ্গবন্ধুর আত্মিক সম্পর্ক ছিল।

গত সোমবার রাতে নগরের দরগাগেট এলাকার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে আয়োজিত একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন।

সিলেটের প্রবীণ ইতিহাসবিদ সৈয়দ আব্দুল্লাহ রচিত সিলেটে বঙ্গবন্ধু বইয়ের প্রকাশনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় অধ্যাপক আব্দুল মালিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকাশনা উদ্‌যাপন পর্ষদের আহ্বায়ক কর্নেল শাহ আবিদুর রহমান। অনুষ্ঠানে গ্রন্থের লেখকও বক্তৃতা দেন।

অনুষ্ঠানে সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান মো. লুৎফুর রহমান, সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান আ ফ ম কামাল, মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী, সাংবাদিক আজিজ আহমদ, আব্দুল হামিদ মানিক, মদনমোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ, ইসলামিক ফাউন্ডেশন সিলেটের সহকারী পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন আব্দুল আউয়াল আনছারী। কবি আব্দুল মুকিত ও আবু তালেবের সঞ্চালনায় মূল প্রবন্ধ পাঠ করেন সিলেট বেতারের উপপরিচালক মুহাম্মদ আব্দুল হক।

সভায় বক্তারা বলেন, সিলেটে বঙ্গবন্ধু বইটি জাতির জনকের রাজনৈতিক জীবন ও ঘটনাপ্রবাহের এক অসামান্য দলিল হিসেবে বিবেচিত হবে। শিকড়সন্ধানী নিভৃতচারী গবেষক সৈয়দ আব্দুল্লাহ অত্যন্ত যত্নের সঙ্গে এই কাজটি করেছেন।