'সিলেটে অবৈধ পশুর হাট বসতে দেওয়া হবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট মহানগরের রাস্তাঘাটে ঈদুল আজহা উপলক্ষে এবার কোনো অবৈধ পশুর হাট বসতে দেওয়া হবে না। পাইকারেরা গরু নিয়ে হাটে আসার পথে যাতে কোনো ধরনের চাঁদাবাজির শিকার না হন, তাও লক্ষ রাখা হবে। এ ছাড়া চাঁদাবাজিতে কোনো পুলিশ সদস্যের সংশ্লিষ্টতার প্রমাণ পেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সিলেট সীমান্ত দিয়ে যেন চামড়া পাচার না হয়, সেদিকেও পুলিশের বিশেষ নজর থাকবে।
গতকাল সোমবার সিলেট মহানগর পুলিশের উদ্যোগে নগরের নাইওরপুল পুলিশ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি এসব কথা বলেন। আসন্ন দুর্গাপূজা ও ঈদুল আজহা উপলক্ষে পুলিশের প্রস্তুতি নিয়ে ওই সভার আয়োজন করা হয়। সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার রোকন উদ্দিন, সহকারী পুলিশ কমিশনার এজাজ আহমদ, মুশফেকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দুর্গাপূজা সামনে রেখে মহানগরের ১১৫টি পূজামণ্ডপে নিরাপত্তার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুলিশ। অতীতে পূজায় নারী ছিনতাইকারীদের উৎপাত বেশি দেখা গেছে। এটি রোধ করতে পুরুষ পুলিশ সদস্যের পাশাপাশি নারী পুলিশ সদস্যও মণ্ডপগুলোতে নিয়োজিত থাকবেন।