ছাত্রলীগ নেতা ছুরিকাহতের জেরে বিএনপির নেতার বাসায় হামলা
'সিলেটে দীর্ঘদিনের লালিত রাজনৈতিক শিষ্টাচার বিনষ্ট'
‘ছাত্রলীগ নেতা ছুরিকাহত হওয়ার অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান চৌধুরীর বাসায় হামলা ও ভাঙচুরের নিন্দা জানানোর ভাষা আমরা হারিয়ে ফেলেছি। সরকারদলীয় ছাত্রসংগঠন ছাত্রলীগ সিলেটের দীর্ঘদিনের লালিত রাজনৈতিক শিষ্টাচারকে বিনষ্ট করেছে।’
সিলেটে গত বৃহস্পতিবার বিকেলে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল আলিম তুষার ছুরিকাহত হওয়ার জের ধরে রাতে বিএনপির কেন্দ্রীয় সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর বাসায় হামলার ঘটনায় জেলা ও নগর বিএনপির নেতারা যৌথ বিবৃতিতে এ কথা বলেছেন।
মিজানুর রহমান চৌধুরী ছাত্রদল সিলেট জেলা কমিটির সাবেক সভাপতি ছিলেন। সুনামগঞ্জের ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজান বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পদে আছেন। গতকাল শুক্রবার জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী, সাধারণ সম্পাদক আলী আহমদ ও নগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম যৌথ বিবৃতিতে ছাত্ররাজনীতিতে সফল একজন সাবেক ছাত্রনেতার বাসায় এ ধরনের হামলার পেছনে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে বলে দাবি করেন।
রাজনৈতিক নেতা-কর্মীদের বাসাবাড়িতে হামলার ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির মুখোমুখি করার আহ্বান জানিয়ে বিবৃতিতে বিএনপির নগর ও জেলা নেতারা আরও বলেন, ‘ছাত্রলীগের নামে কতিপয় অপরাধী একের পর এক সীমা লঙ্ঘন করে প্রতিহিংসার অপরাজনীতির কালো অধ্যায়ের সূচনা করেছে সিলেটে। এ ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে সমাজেরই ক্ষতি।’
গত বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে নগরের সুবিদবাজারের ফাজিলচিস্ত এলাকার একটি রেস্তোরাঁর সামনে অবস্থানকালে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষার অতর্কিত হামলায় ছুরিকাহত হন। তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ছাত্রদলের একটি পক্ষ তুষারের ওপর হামলা করেছে—এ অভিযোগে সন্ধ্যায় নগরে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ। এই মিছিলের প্রায় ঘণ্টাখানেক পর রাত পৌনে আটটার দিকে ফাজিলচিস্ত এলাকায় বিএনপির নেতার বাসায় হামলা হয়।
মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, ছাত্রলীগ নেতা ছুরিকাহত হওয়ার জেরে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ থানায় দেওয়া না হলেও হামলাকারী শনাক্তের চেষ্টায় আছে পুলিশ।