‘সিলেটে ১১ অক্টোবরের বেগম খালেদা জিয়ার জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে হবে। এই জনসভা যাতে সারা দেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকে, সেই প্রস্তুতি নিতে হবে। সিলেটের জনসভা হবে সরকারের বিদায়ঘণ্টা।’সিলেট অভিমুখে চার দলের রোডমার্চ ও খালেদা জিয়ার জনসভার প্রস্তুতি উপলক্ষে গতকাল শুক্রবার সিলেটে অনুষ্ঠিত বিএনপির চার জেলার কর্মিসভায় কেন্দ্রীয় নেতারা এ কথা বলেন।গতকাল সকালে নগরের শাহজালাল উপশহরের একটি কমিউনিটি সেন্টারে কর্মিসভা অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি এম ইলিয়াস আলীর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জালালী ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামসুজ্জামান জামানের যৌথ সঞ্চালনায় সার্বিক প্রস্তুতি নিয়ে তৃণমূলের নেতা-কর্মীরা বক্তৃতা করেন।পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও রোডমার্চ সমন্বয়কারী খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান ও সাংসদ শাম্মী আখতার বক্তৃতা করেন। প্রস্তুতি পর্বের বিভিন্ন দিক তুলে বিএনপির স্থানীয় নেতাদের মধ্যে মহানগর বিএনপির সভাপতি এম এ হক, সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম, জেলার সাধারণ সম্পাদক আবদুল গাফ্ফার, জেলা যুবদলের সভাপতি আবদুল মান্নান, মহানগর বিএনপির জিয়াউল গণি আরেফিন প্রমুখ বক্তৃতা দেন।সভাপতির বক্তব্যে এম ইলিয়াস আলী বলেন, ‘বিএনপি এখন ঢাকা থেকে সিলেটে অনেক বেশি শক্তিশালী। পুলিশি বাধার মুখে ঢাকার মতো সিলেট বিএনপির নেতা-কর্মীরা ঘরে বসে থাকবে না।’