'সিলেটের সঙ্গে সৈয়দ হকের আত্মিক সম্পর্ক ছিল'
সিলেটের সঙ্গে প্রয়াত লেখক সৈয়দ শামসুল হকের আত্মিক সম্পর্ক ছিল। তিনি নানা সময়ে সিলেটে এসেছেন। এখানকার সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের মানুষজনদের সঙ্গে ছিল তাঁর নিবিড় যোগাযোগ। তাঁর আদর্শ অনুপ্রাণিত হয়ে সিলেটের অনেকেই সাহিত্যচর্চা করছেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের সারদা স্মৃতি ভবনের সম্মিলিত নাট্য পরিষদের মহড়াকক্ষে চারুবাক সিলেটের উদ্যোগে প্রয়াত লেখকের স্মরণে আয়োজিত ‘স্মৃতিতর্পণ’ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন। এতে কবি তুষার কর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অম্বরীষ দত্ত, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রধান পরিচালক অরিন্দম দত্ত, সভাপতি মিশফাক আহমদ, নাট্যসংগঠক এনামুল মুনীর, কবি প্রণবকান্তি দেব, সংস্কৃতিকর্মী রীমা দাস প্রমুখ বক্তৃতা করেন।
সংগঠনের পক্ষ হতে স্বাগত বক্তব্য দেন তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে। শুরুতেই প্রয়াত লেখকের প্রিয় দুটি রবীন্দ্রসংগীত পরিবেশন করেন শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী। সবশেষে চারুবাক সদস্যদের সম্মিলিত কণ্ঠে তাঁর লেখা ‘আমার পরিচয়’ কবিতাটি পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
বক্তৃতায় তুষার কর বলেন, বাংলাদেশের যেকোনো সংকট এবং প্রগতিশীল আন্দোলন-সংগ্রামে সৈয়দ শামসুল হকের কবিতা-নাটকে বাঙালি উজ্জীবিত হয়েছে, অনুপ্রাণিত হয়েছে। যত দিন বাঙালির অস্তিত্ব থাকবে, তত দিন সৈয়দ হকের ক্ষুরধার লেখনী পথ দেখাবে। তিনি ছিলেন বাঙালির আলোর পথের দিশারিদের মধ্যে অন্যতম। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন সত্যিকারের দেশপ্রেমিককে হারাল।