মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের রক্ষা ও সরকারবিরোধী আন্দোলনে নিজেদের অস্তিত্ব প্রমাণে জামায়াত-শিবির সীতাকুণ্ডকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছে সীতাকুণ্ড ইউপি চেয়ারম্যান সমিতি।
সীতাকুণ্ডের সাম্প্র্রতিক পরিস্থিতি নিয়ে উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতি গতকাল সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি রেহান উদ্দিন। সীতাকুণ্ডের একটি পৌরসভার মেয়র ও নয়টি ইউনিয়নের সব কটির চেয়ারম্যান আওয়ামী লীগ সমর্থিত।
লিখিত বক্তব্যে রেহান উদ্দিন বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে জামায়াত-শিবিরের ক্যাডাররা সীতাকুণ্ডে অবস্থান নিয়ে উপজেলার ২৭ কিলোমিটার এলাকায় আট মাস ধরে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। তাদের এই বেপরোয়া তাণ্ডবের কারণে সীতাকুণ্ড এখন নরককুণ্ডে পরিণত হয়েছে। তাদের অব্যাহত সহিংসতার কারণে আতঙ্কে দিন কাটাচ্ছে জনপদের লাখ লাখ মানুষ। তিনি বলেন, ‘এই ধারাবাহিক সহিংস কর্মকাণ্ডে জড়িত প্রায় ৪৫০ জনের তালিকা প্রশাসনকে দিয়েছি। তাঁদের মধ্যে অধিকাংশই বহিরাগত।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, জামায়াত-শিবিরের ক্যাডাররা সীতাকুণ্ডে অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, এলাকার বিভিন্ন মেস ও পাহাড়ে অবস্থান করে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাচ্ছে। এসব কাজে তারা অর্থের প্রলোভন দেখিয়ে এলাকার গরিব অসহায়, নিঃস্ব শ্রমিক ও শিশু-কিশোরদের ব্যবহার করছে।
সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান সমিতি জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পাঁচ দফা দাবি পেশ করে।
উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে চিরুনি অভিযানের মাধ্যমে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সচল রাখতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা, বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে জড়িত ব্যক্তি, ইন্ধনদাতাদের চিহ্নিত করা ইত্যাদি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাহার উদ্দিন, ছাদাকাত উল্লা মিয়াজি, শওকত আলী জাহাঙ্গীর, জসিম চৌধুরী, নূর উদ্দিন জাহাঙ্গীর, আনোয়ার হোসেন, এ বি এম তাজুল ইসলাম প্রমুখ।