‘আদি কাঠামো অনুসারে নদীর সীমানা চিহ্নিত করতে হবে। তারপর চাই পুনরুদ্ধার।’ জলাবদ্ধতামুক্ত হবিগঞ্জ শহর গড়তে খোয়াই নদী পুনরুদ্ধারে প্রথমবারের মতো গণশুনানি অনুষ্ঠানে এ ব্যাপারে একমত পোষণ করেন স্থানীয় সাংসদ থেকে শুরু করে তৃণমূলের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং স্থানীয় বাসিন্দারা। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
‘জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিরসনে পুরাতন খোয়াই নদী পুনরুদ্ধার’ শীর্ষক এ গণশুনানিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। এতে হবিগঞ্জ-১ আসনের সাংসদ মাহবুব আলী, হবিগঞ্জ-২ আসনের সাংসদ আবদুল মজিদ খান, হবিগঞ্জ-৪ আসনের সাংসদ এম এ মুনিম চৌধুরী, জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, পুলিশ সুপার (এসপি) মো. কামরুল আমীন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলিজইডি) উপপরিচালক দিলীপ কুমার বণিক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বেলা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং স্থানীয় পরিবেশবাদী সংগঠন ‘পুরাতন খোয়াই নদী রক্ষা কমিটি’, ‘প্রাকৃতজন’ এবং ‘খোয়াই রিভার ওয়াটারকিপার’-এর উদ্যোগে ওই গণশুনানির আয়োজন করা হয়। বাপার কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শরীফ জামিল এর সঞ্চালনা করেন৷
গণশুনানির প্রেক্ষাপট তুলে ধরে বক্তৃতা করেন বাপার হবিগঞ্জের সভাপতি মো. ইকরামুল ওয়াদুদ, সাবেক বিভাগীর কমিশনার মো. ফজলুর রহমান, সংগ্রাম কমিটির আহ্বায়ক আলাউদ্দিন তালুকদার, প্রবীণ সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল প্রমুখ৷ গণশুনানিতে খোয়াই পুনরুদ্ধারে সবাই একমত হন৷ পুনরুদ্ধারের আগে সীমানা চিহ্নিত করার কাজ শুরু করার পক্ষে সবাই মত দেন৷