‘সীমান্ত হত্যা পুরোপুরি বন্ধের প্রয়াস চলছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্তে নিরপরাধ বাংলাদেশি হত্যা বন্ধে ভারত অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।গতকাল সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই দাবি করেছেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উত্তর-পূর্বাঞ্চল) শম্ভু সিং। তিনি ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত যৌথ কার্যদলের (জেডব্লিউজি) বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।দুই দেশের জেডব্লিউজি বৈঠকে শম্ভু সিং ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বাংলাদেশের নেতৃত্ব দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) কামালউদ্দীন আহমেদ।সাংবাদিকদের প্রশ্নের জবাবে কামালউদ্দীন আহমেদ বলেন, ‘সীমান্ত হত্যার বিষয়টি অত্যন্ত উদ্বেগের। সীমান্ত হত্যাকাণ্ড বন্ধের বিষয়টি আমরা তুলেছি। যেসব ঘটনা নিয়ে উদ্বেগ থাকবে, সেগুলো আমরা তুলব।’সীমান্তে বাংলাদেশি হত্যাকাণ্ড নিয়ে আলোচনা প্রসঙ্গে জানতে চাইলে শম্ভু সিং বলেন, ‘সীমান্তে দুই দেশের লোকজনের প্রাণহানির ঘটনা ঘটছে। এসব ঘটনায় আমাদের সীমান্তরক্ষীরাও প্রাণ হারাচ্ছে। তবে সীমান্ত হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা চলছে।’দুই দেশের দলনেতারা জানান, সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তাসংক্রান্ত পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে দুই পক্ষ আলোচনা করেছে। আগামী দিনে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে একসঙ্গে বিভিন্ন সমস্যার সুরাহা করতে চান।ছিটমহল ও অপদখলীয় জমি বিনিময়ের লক্ষ্যে ’৭৪-এর সীমান্ত প্রটোকল বাস্তবায়ন নিয়ে কী আলোচনা হয়েছে জানতে চাইলে কামালউদ্দীন বলেন, ভারতের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, যত দ্রুত সম্ভব প্রটোকল বাস্তবায়নের জন্য তারা কাজ করছে।আজ মঙ্গলবার অনুষ্ঠেয় দুই দেশের স্বরাষ্ট্রসচিবদের বৈঠকের আগে গতকাল এ বৈঠক অনুষ্ঠিত হয়। আজ স্বরাষ্ট্রসচিবদের বৈঠকে ১৪ সদস্যের স্বাগতিক পক্ষের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মোশতাক আহমেদ। আর ১২ সদস্যের ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন সে দেশের স্বরাষ্ট্রসচিব আর কে সিং। বৈঠকের ফাঁকে ভারতের স্বরাষ্ট্রসচিব আজ দুপুরে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে ভারতীয় প্রতিনিধিদল গতকাল সোমবার সকালে ঢাকায় পৌঁছায়।আমাদের আখাউড়া প্রতিনিধি জানান, বাংলাদেশের স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মোশতাক আহমেদ ও ভারতের স্বরাষ্ট্রসচিব আর কে সিং গতকাল দুপুরে আখাউড়া ও ত্রিপুরার রাজধানী আগরতলার সীমান্ত ও স্থলবন্দরের অবকাঠামো পরিদর্শন করেন। বেলা প্রায় একটায় তাঁরা ত্রিপুরায় পৌঁছান। আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় যাওয়ার পথে তাঁরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় সি কিউ কে মোশতাক আহমেদ বলেন, বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রসচিবদের বৈঠকে বাংলাদেশের পক্ষে সীমান্তে গুলি বন্ধের দাবি করা হবে। একই সঙ্গে ওই বৈঠকে মাদক পাচার, চোরাচালান রোধ, অমীমাংসিত সীমানা নির্ধারণ এবং ছিটমহল বিষয়েও আলোচনা হবে।ভারতের স্বরাষ্ট্রসচিব আর কে সিং সাংবাদিকদের বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নিজেদের নিরাপত্তার জন্যই গুলি ছোড়ে। তবে তিনি দাবি করেন, সীমান্তে গুলি বন্ধ করতে বিএসএফকে নির্দেশ দেওয়া আছে।