সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যের ডাক শেখ হাসিনার
'সীমান্তপারের সন্ত্রাসে'র উল্লেখ নেই ব্রিকস ঘোষণাপত্রে
পাকিস্তান যে সন্ত্রাসের আঁতুড়ঘর, দেশটির নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিনের শুরুতেই তা জানিয়ে দিতে ভোলেননি। এ কথাও বলেন যে দুঃখের বিষয়, সন্ত্রাসের এই আঁতুড়ঘর (মাদারশিপ অব টেররিজম) এমন একটা দেশ, যে কিনা ভারতের প্রতিবেশী। পাকিস্তানকে একঘরে করার এই মরিয়া প্রচেষ্টা সত্ত্বেও গতকাল রোববার সন্ধ্যায় ব্রিকস নেতারা শীর্ষ বৈঠকের পর যে ঘোষণাপত্রে সই করেন, তাতে পাকিস্তানের উদ্বেগের তেমন কোনো কারণ দেখা যাচ্ছে না।
পাকিস্তানের নাম উচ্চারণ তো দূরের কথা, গোয়া ঘোষণাপত্রে ‘সীমান্তপারের সন্ত্রাসেরও’ কোনো উল্লেখ নেই, যার জন্য ভারত মরিয়া ছিল। বরং আন্তর্জাতিক সন্ত্রাসের ক্ষেত্রে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে ইসলামিক স্টেটকে (আইএস)।
তবু ভারতের পক্ষে সন্তুষ্টির বিষয় দুটি। প্রথমত, ভারতসহ ব্রিকস সদস্যদেশে যে সন্ত্রাসী হামলা হয়েছে, তার নিন্দা করা হয়েছে। ঘোষণাপত্রে বলা হয়েছে, সন্ত্রাসের জন্য আদর্শ, ধর্ম, রাজনীতি, জাতিগত যে যুক্তিই দেওয়া হোক, তার গ্রহণযোগ্যতা নেই। দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সংগঠনে এর মোকাবিলায় সহযোগিতা বাড়ানো হবে। দ্বিতীয়ত, জাতিসংঘের উদ্যোগে সন্ত্রাসবিরোধী প্রস্তাব ‘কম্প্রিহেনসিভ কনভেনশন অন ইন্টারন্যাশনাল টেররিজম’ (সিসিআইটি) দ্রুত বাস্তবায়নের আরজি জানানো হয়েছে ঘোষণাপত্রে।
এই আসরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়ভাবে সন্ত্রাস মোকাবিলার ওপর জোর দিয়েছেন। ব্রিকস নেতাদের সঙ্গে বিমসটেকের সদস্যভুক্ত দেশগুলোর বৈঠকে শেখ হাসিনা বলেছেন, সব উন্নয়নই বিফলে যাবে, যদি কড়া হাতে সব ধরনের সন্ত্রাসের মোকাবিলা করা না যায়।
গতকাল ভারতের গোয়া রাজ্যের পর্যটন এলাকা কেভেলোসিমে ব্রিকসের পাঁচ সদস্যদেশের শীর্ষ নেতাদের বৈঠকে প্রারম্ভিক ভাষণে পাকিস্তানের নাম না করে মোদি জানিয়ে দেন, এই উপমহাদেশে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায় সন্ত্রাসবাদ। তিনি বলেন, পাকিস্তানের প্রতি যারা এখনো নরম, সন্ত্রাসের প্রশ্নে পাকিস্তানকে একঘরে করার ভারতীয় প্রচেষ্টাকে এখনো যারা সমর্থন জানায়নি, প্রধানত সেই দুই দেশ চীন ও কিছুটা নরম রাশিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘সন্ত্রাসবাদী সংগঠন ও ব্যক্তি সন্ত্রাসীদের বিরুদ্ধে বেছে বেছে ব্যবস্থা নিলে তাতে হিতে বিপরীত হবে। সন্ত্রাসবাদী সংগঠন ও ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে তাদের অপরাধী চরিত্রটাই বড় করে দেখা দরকার।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের অগ্রগতি ও সমৃদ্ধির পথে সন্ত্রাসবাদ একটা বড় ছায়া ফেলেছে।’
ব্রিকস শীর্ষ নেতাদের এই বৈঠক ছিল একান্তে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদির এই কড়া মন্তব্যের কথা জানিয়ে বলা হয়, পাকিস্তানের নাম না করে মোদি বলেছেন, ‘এই দেশটা শুধু সন্ত্রাসীদের আশ্রয়ই দেয় না, এরা একধরনের মানসিকতাকেও প্রতিপালন করছে, যা মনে করে রাজনৈতিক স্বার্থের জন্য সন্ত্রাসের সাহায্য নেওয়া যুক্তিপূর্ণ।’ এই বৈঠকে ভারতীয় প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
গত শনিবার চীন ও রাশিয়ার প্রেসিডেন্টদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও মোদি পাকিস্তান-আশ্রিত সন্ত্রাসী সংগঠন ও তাদের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিয়েছিলেন। ভারত-রাশিয়ার যুগ্ম বিবৃতিতে সন্ত্রাস, উরি আক্রমণসহ সার্বিকভাবে সন্ত্রাসবাদী কাজকর্মের কড়া নিন্দা করা হলেও ‘সীমান্তপারের সন্ত্রাস’ শব্দবন্ধ ব্যবহার করা যায়নি।
রোববার প্রতিবেশী দেশকে ‘সন্ত্রাসের আঁতুড়ঘর’ আখ্যা দিয়ে ‘বেছে বেছে ব্যবস্থা নেওয়ায় কাজের কাজ হবে না’ জানানোর মধ্য দিয়ে মোদি চীন ও রুশ প্রেসিডেন্টদের পাকিস্তানপ্রীতিতে ভাঙন ধরানোর চেষ্টা করেন, যাতে গোয়া ঘোষণায় স্পষ্ট করে পাকিস্তানকে দায়ী করা যায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ জানান, আজহার মাসুদকে সন্ত্রাসবাদী ঘোষণার জন্য জাতিসংঘের প্রস্তাবে চীনকে রাজি করাতে ভারত সেই দেশের সঙ্গে আলোচনা চালাচ্ছে। কিন্তু এত প্রচেষ্টা সত্ত্বেও গোয়া ঘোষণাপত্রে ‘সীমান্তপারের সন্ত্রাস’ স্থান পেল না।
ব্রিকস-বিমসটেক আউটরিচ সম্মেলন
ব্রিকসের সঙ্গে বিমসটেকের সদস্যদেশগুলোর উন্নতির মেলবন্ধন কীভাবে হওয়া উচিত, তার একটা নির্দেশনা দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল গোয়ার পর্যটন এলাকা কেভেলোসিমে এ দুই জোটের ‘আউটরিচ’ (সম্প্রসারিত) শীর্ষ সম্মেলনে ভাষণ দেন তিনি। শেখ হাসিনা বলেন, ‘আমাদের যাবতীয় টেকসই উন্নয়নের প্রচেষ্টা নির্ভর করছে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর। সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে আমাদের সবার ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। এ বিষয়ে বাংলাদেশে আমরা “জিরো টলারেন্স” নীতি গ্রহণ করেছি।’
ব্রিকসের পাঁচটি সদস্যদেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। বিমসটেকের সাত সদস্যদেশ ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মিয়ানমার, নেপাল ও ভুটানের তুলনায় ব্রিকস সদস্যরা অর্থনৈতিক দিক থেকে অনেকটাই উন্নত। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে ব্রিকসের মেলবন্ধন ঘটানো গেলে অর্থনীতির পাশাপাশি পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রও বিস্তার লাভ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনটি ক্ষেত্রে সেই মেলবন্ধনের পরামর্শ দিয়েছেন। এই সম্মেলনে দুই জোটের সব দেশের নেতারাই ভাষণ দেন।
শেখ হাসিনার প্রথম পরামর্শ, উন্নতমানের অবকাঠামো নির্মাণে যত্নবান হওয়া। বাংলাদেশে এ জন্য হাজার হাজার কোটি ডলারের প্রয়োজন। প্রত্যক্ষ বিদেশি লগ্নি, পিপিপি স্থাপনের মাধ্যমে বাংলাদেশ লগ্নি আবাহন করছে। ১০০ অর্থনৈতিক অঞ্চল গঠিত হচ্ছে। তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে বিরাট পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশি লগ্নিকারকদের স্বার্থরক্ষায় আইনের সাহায্য নেওয়া হচ্ছে।
বাংলাদেশের নেত্রীর উল্লিখিত দ্বিতীয় ক্ষেত্রটি হলো, বিজ্ঞান ও প্রযুক্তি এবং তার মধ্য দিয়ে উদ্ভাবনী ক্ষমতা। বিজ্ঞান ও প্রযুক্তিকে কীভাবে মানুষের কল্যাণে ব্যাপকভাবে ব্যবহার করা যায়, সেদিকে যত্নবান হওয়ার প্রস্তাব তিনি রেখেছেন। তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির কথা উল্লেখ করে সামাজিক ক্ষেত্রে তার ব্যবহারের ওপর তিনি জোর দিতে বলেছেন। ব্রিকস সদস্যদেশগুলো বিশ্বে এ ক্ষেত্রে পথিকৃৎ।
তৃতীয়ত, শেখ হাসিনা বলেছেন, ব্রিকস ও বিমসটেক অর্থনৈতিক উন্নয়নে পরস্পরের দিকে হাত বাড়িয়ে দিতে পারে। পরিষেবা ও বাজারের সংযুক্তিকরণের ক্ষেত্রে টেকসই উন্নয়নে সহযোগিতা আর্থিক দিক থেকে কম উন্নত দেশগুলোকেও অগ্রগতির সোপানে দাঁড় করাবে।
ব্রিকস-বিমসটেক আউটরিচ সম্মেলনের আগে অনুষ্ঠিত বিমসটেক নেতাদের রিট্রিট বৈঠকেও প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদ মোকাবিলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। শেখ হাসিনা বলেন, সব ধরনের সন্ত্রাসকে পরাস্ত করতে সবাইকে এক জোট হতে হবে। সন্ত্রাস মোকাবিলায় তাঁর সরকার সুস্থ চেতনার বিকাশে যে বিপুল উদ্যোগ নিয়েছে, তার উল্লেখ করে তিনি বলেন, ‘যুবক-যুবতী, তাদের পরিবার, শিক্ষালয়—সর্বত্র এই চেতনা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এভাবে বিপথে চালিত ঘরোয়া সন্ত্রাসীদের বিচ্ছিন্ন করা সম্ভব হয়েছে। সন্ত্রাসীদের যারা মগজ ধোলাই করে, প্ররোচনা দেয়, আর্থিক সাহায্য করে, প্রশিক্ষণ দেয়, অস্ত্র সরবরাহ করে, তাদেরও আমাদের চিহ্নিত করে খুঁজে বের করতে হবে। সন্ত্রাসী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের প্রস্তুত হতে হবে।’ বিমসটেকের সদস্যদেশগুলো সন্ত্রাস ও সন্ত্রাসবাদীদের মোকাবিলায় সক্রিয় সহযোগিতায় নামবে বলে তাঁর বিশ্বাস।