'সীমান্তে আইন ভঙ্গকারীদের মৃত্যুহার বেশি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার সন্দ্বিপ মিত্র বলেছেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তে বাংলাদেশের মানুষকে পাখির মতো গুলি করে মারছে, এ কথা ঠিক নয়। তবে সীমান্তে যারা আইন ভাঙছে তাদের মৃত্যুর হারটা বেশি।

আজ রোববার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সন্দ্বিপ মিত্র বলেন, বিএসএফের ওপর মাঝেমধ্যেই আক্রমণ হয়ে থাকে। ফলে টিকে থাকতে এবং আত্মরক্ষায় তাদের রাবার বুলেটের পরিবর্তে অন্য বুলেট ব্যবহার করতে হয়। তবে বিষয়টির আরও সুন্দর সমাধানের জন্য দুই দেশের মধ্যে উচ্চপর্যায় আলোচনা হচ্ছে। তিনি আশা করছেন, বিষয়টির সমাধান হবে।

ভারত-বাংলাদেশের পানি চুক্তির বিষয়ে সন্দ্বিপ মিত্র বলেন, ‘আমরা পানি বন্ধ করে বাংলাদেশের মানুষকে শুকিয়ে মারার পরিকল্পনা করছি-এমনটা ভাবার অবকাশ নেই। আমরা চাই বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরও উন্নত হোক। বাংলাদেশের নানা চুক্তি ও ইস্যু নিয়ে উচ্চপর্যায়ে দুদেশের মধ্যেই সৌহার্দ্যপূর্ণ বৈঠক চলছে। আশা করছি খুব শিগগির সকল সমস্যার সমাধান হবে।’

এর আগে ভারতীয় সহকারী হাইকমিশনার পাবনা রাধাগোবিন্দ মন্দির, জয়কালীবাড়ী মন্দির, বাংলা চলচ্চিত্রের মহানায়িকা প্রয়াত সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি ও ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম পরিদর্শন করেন। এ ছাড়া তিনি পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও সার্কিট হাউসে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

পাবনা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সাংবাদিক ও কলামিস্ট রণেশ মৈত্র ও পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ উল হক। মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।