'সীমান্তে হত্যা বন্ধে অসফলতা নিয়ে বিদায় নিচ্ছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেজর জেনারেল আজিজ আহমেদ
মেজর জেনারেল আজিজ আহমেদ

‘সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে না পারার অসফলতা নিয়ে বিদায় নিচ্ছি। ফেলানী হত্যার বিচার শেষ না হওয়ার অতৃপ্তিও রয়ে গেছে।’ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
সীমান্তে হত্যার ঘটনায় ভারত থেকে গরু আনাকে দায়ী করে তিনি বলেন, ‘বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যা বন্ধ করতে হলে ভারতের গরুর দিক থেকে আমাদের নজর ফেরাতে হবে। এখন যথেষ্ট পরিমাণে স্থানীয় গরুর উৎপাদন হচ্ছে। এবার ঈদুল আজহাতেই তা প্রমাণিত হয়েছে।
প্রসঙ্গত, মেজর জেনারেল আজিজ আহমেদ ২০১২ সালের ৫ ডিসেম্বর বিজিবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেন। সম্প্রতি লেফটেন্যান্ট জেনারেল হিসেবে তাঁর পদোন্নতি হয়েছে। আগামী রোববার তিনি নতুন মহাপরিচালকের কাছে দায়িত্ব হস্তান্তর করে সেনাবাহিনীতে ফিরে যাবেন। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন মেজর জেনারেল আবুল হোসেন।

আজিজ আহমেদের বিদায় উপলক্ষে আজ পিলখানায় ক্যাপ্টেন শহীদ আশরাফ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বিদায়ী মহাপরিচালক তাঁর চার বছরের মেয়াদে সীমান্তে হত্যা বন্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে বৈঠকসহ বিভিন্ন উদ্যোগ, মাদকদ্রব্য ও চোরাই পণ্য আটক, চোরাচালানকারী গ্রেপ্তার, বিজিবির সদস্য ও কর্মকর্তাদের জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়ার তথ্য তুলে ধরেন।

সীমান্তে হত্যা প্রসঙ্গে তিনি বলেন, সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে না পারার ‘অসফলতা’ ও ফেলানী হত্যার বিচার শেষ না হওয়ার অতৃপ্তি নিয়ে বিদায় নিচ্ছেন। তবে সার্বিকভাবে বিজিবির কর্মকর্তা ও সীমান্ত পাহারায় নিয়োজিত সৈনিকদের কাজে তিনি সন্তুষ্ট। সীমান্তে হত্যা কমিয়ে আনতে তাঁর সময়ে নজরদারি বাড়ানো হয়েছে। বিভিন্ন পর্যায়ে বিএসএফের সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছে। তা এখনো অব্যাহত আছে। এই সময়ে বিএসএফের সঙ্গে সম্পর্ক আগের চেয়ে আরও ভালো হয়েছে। আর এই সম্পর্ক উন্নয়নের কারণেই ভারত থেকে চোরাচালানের হার কমানো সম্ভব হয়েছে।

বিজিবি মহাপরিচালক আরও জানান, তাঁর চার বছরে দায়িত্ব পালনের সময় সীমান্তে ৩০১৫ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক করা হয়েছে। চোরাচালানের জড়িত ১ হাজার ৫৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ২৩৭টি পিস্তল, ২৬টি রিভলবার, ১৫২টি বন্দুকসহ বিপুল পরিমাণের গোলাবারুদ। সীমান্তে চার বছরে ‘ক্যাটল করিডর’-এর মাধ্যমে ৬২ লাখ গবাদিপশু থেকে বিজিবি ৩০০ কোটি টাকারও বেশি রাজস্ব আয়ে ভূমিকা রেখেছে।