'সু চিকে আর বিশ্বাস করি না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা ইস্যু নিয়ে গত মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দেন স্টেট কাউন্সেলর অং সান সু চি। ওই ভাষণে সু চি রাখাইনে যেকোনো মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানান। কিন্তু সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের বিষয়টি এড়িয়ে যান।

সু চির এই বক্তব্যের কথা জানতে পেরে হতাশ কক্সবাজারের উখিয়ার শরণার্থীশিবিরে থাকা রোহিঙ্গারা। তাদের কয়েকজনের সঙ্গে কথা হয় আল জাজিরার সাংবাদিক সাইফ খালিদের।

খায়রুল আমিন, আমিনা বেগম ও আরও কয়েকজন রোহিঙ্গা জানান, সু চিকে তাঁরা আর বিশ্বাস করেন না। রোহিঙ্গা মুসলিমদের বড় একটা অংশ সু চিকে ভোট দিয়েছিলেন। কিন্তু জয়ের পর সু চি ভুলে গেছেন তাঁদের কথা। রোহিঙ্গাদের দেওয়া কোনো প্রতিশ্রুতিই রাখেননি। হাত মিলিয়েছেন মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে।

জাতিসংঘ মিয়ানমার সেনাবাহিনীর অভিযানকে ‘জাতিগত নির্মূলীকরণ’ হিসেবে চিহ্নিত করলেও সু চির বক্তব্যে সে প্রসঙ্গ আসেনি। মিয়ানমার সেনাবাহিনীর অভিযান শুরুর পর গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত সোয়া চার লাখ রোহিঙ্গা সীমান্ত পার হয়ে ঢুকেছে বাংলাদেশে।

এসব কিছু নিয়ে স্পষ্ট কিছু না বলে সু চির বক্তব্যে আভাস মেলে যে রাখাইনের সহিংসতার জন্য রোহিঙ্গা মুসলিমরা অনেকাংশে দায়ী। সু চি এও দাবি করেন, ৫০ শতাংশের বেশি রোহিঙ্গা মুসলিম অধ্যুষিত গ্রাম অক্ষত রয়েছে।

২০১৫ সালে অং সান সু চির দল মিয়ানমারে নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে। সু চির বিজয়ে সেনাবাহিনীর ৫০ বছরের শাসনের অবসান ঘটে। সু চি আরও বলেন, সহিংসতার কারণে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে আনতে তাঁর সরকার যাচাইবাছাই প্রক্রিয়া শুরু করেছে।

আন্তর্জাতিক মহলে সমালোচনা রয়েছে, মিয়ানমারে থাকা ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে নাগরিকত্ব দেয়নি সে দেশের সরকার। তারা মৌলিক অধিকার থেকেও বঞ্চিত বলে সমালোচনা রয়েছে।

কক্সবাজারের শরণার্থীশিবিরে থাকা রোহিঙ্গাদের মুখেও শোনা যায় এসব কথা।

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী আশ্রয়শিবিরের রোহিঙ্গা খায়রুল আমিন। ৪০ বছরের আমিন যখন সু চির বক্তব্যের বিষয়ে জানতে পারেন তখন অনেক কথাই বিশ্বাস করতে কষ্ট হয়েছে তাঁর। আমিন বলেন, ‘মৌলিক অধিকারটুকু পেলে আমি মিয়ানমারে ফিরতে চাই। কিন্তু সু চি এ ধরনের কথা বলছেন এটা বিশ্বাস করা আমার পক্ষে কঠিন।’

আমিন আরও বলেন, ‘সু চি বিশ্বাসঘাতক। রোহিঙ্গাদের বড় একটা অংশ সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিকে (এনএলডি) ভোট দিয়েছে। সু চি আমাদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু নির্বাচনে জয়ের পর সু চি সেনা সমর্থিত দলের দ্য ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (ইউএসডিপি) সঙ্গে হাত মিলিয়েছে।’

বালুখালী শরণার্থীশিবিরের আরেক রোহিঙ্গা সুলতান আহমেদ। ৮০ বছরের সুলতান আহমেদ বলেন, ‘আমি সবকিছু হারিয়েছি। ফিরে যাওয়ার মানে কি? সু চি একজন বিশ্বাসঘাতক। আমরা তাঁর কথায় বিশ্বাস করতে পারি না।’

সুলতান আরও বলেন, ‘মিয়ানমারে সু চি কেবল একটা নাম। কেউ তাঁকে গুরুত্ব দেয় না। মিয়ানমারের সবকিছুই সেনাবাহিনীর মাধ্যমে পরিচালিত হয়। সবকিছুর সিদ্ধান্ত সেনাবাহিনী নেয়।’

থাইংখালী শরণার্থীশিবিরের আরেক নারী আমিনা বেগম। বয়স ৫৫ বছর। তিনি বলেন, ‘সেনা অভিযানের সময় আমার স্বামী মাহমুদুল হক মারা যান এরপরই আমি মিয়ানমার থেকে পালাই।’ তিনি আরও বলেন, ‘আমি সু চি এবং তাঁর অবস্থা নিয়ে খুব বেশি কিছু জানি না। আমার ভাবনায় নেই তিনি কী বলতে পারেন। যাই হোক, সু চির বাবা আমাদের লোক ছিলেন। তিনি আমাদের কথা ভাবতেন। আমাদের সাহায্য করার চেষ্টা করতেন।’

আমিনা বেগম আরও বলেন, ‘সু চির বাবার সময় আমরা নিরাপদ ছিলাম। কিন্তু সু চি দায়িত্ব নেওয়ার পর তাঁরা (মিয়ানমার সেনাবাহিনী) আমাদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। আমরা আমাদের সম্পদ ও সন্তান হারিয়েছি। এখন আমাদের কিছু নেই।’

থাইংখালী আশ্রয়শিবিরের আরেক রোহিঙ্গা যুবক মোহাম্মদ আউয়ুব। তিনি বলেন, যদি সু চি আমাদের মিয়ানমারের নাগরিকত্ব, চলাফেরার স্বাধীনতা নিশ্চিত করতে পারেন তাহলেই আমরা ফিরে যেতে পারি। আমাদের রাজনৈতিক দলে যোগ দেওয়ার অনুমতি নেই। রাজনীতিতে যোগ দিলে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন আমাদের মেরে ফেলার হুমকি দেয়। তিনি আরও বলেন, যদি সু চি তাঁর দায়িত্বপালন করতেন তাহলে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হতো না। সু চি নীরব রয়েছেন। আমাদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর হিংস্র আচরণকে সমর্থন দিয়ে যাচ্ছেন।

বালুখালী শরণার্থীশিবিরের শাহ আহমেদও বললেন, একই কথা। তিনি জানান, যদি সু চি আমাদের শান্তি নিশ্চিত করতে পারেন, নিশ্চিত করতে পারেন যে আমাদের হত্যা করা হবে না, আমাদের সম্পদ ফিরিয়ে দেওয়া হবে তাহলে আমরা ফিরতে প্রস্তুত। কিন্তু এটা বিশ্বাস করা কঠিন যে আমাদের জন্য ভালো কিছু করার ইচ্ছা সু চির আছে।