‘সুখ চাই না, ছেলের লাশটি মোরে আইননা দাও’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সুখ নামের সোনার হরিণ ধরতে মোর বাবারে বিদেশে পাঠাইছিলাম। তয়, সুখ মোর কপালে সইল না। মুই সুখ চাই না, মোর ছেলের লাশটি আইননা দাও।’ বিলাপ করতে করতে কথাগুলো বলছিলেন বরিশালের গৌরনদী উপজেলার বোরাদী গরঙ্গল গ্রামের দিনমজুর ওয়াজেদ আলী আকন। তাঁর ছেলে শাহ আলম আকন (৩১) গত ২৯ মার্চ দুবাইয়ে মারা গেছেন। অর্থের অভাবে শাহ আলমের লাশ দেশে আনতে পারবেন কি না, তা নিয়ে চিন্তিত তাঁর পরিবার।এলাকাবাসী ও শাহ আলমের পারিবার সূত্রে জানা গেছে, ওয়াজেদ আলী আকন ভিটেবাড়ি বিক্রি করে ও স্থানীয় লোকজনের কাছ থেকে ধার করে আড়াই লাখ টাকা ব্যয়ে ছেলে শাহ আলম আকনকে (৩১) চার বছর আগে দুবাই পাঠান। শাহ আলম (পাসপোর্ট নং-W0296110) সেখানকার আল-সিয়াব প্লাস্টার অ্যান্ড টাইলস কনস্ট্রাকশন কোম্পানির শ্রমিক হিসেবে কাজ করতেন। ওয়াজেদ আলী আকন জানান, সব শেষ করে ছেলেকে বিদেশে পাঠিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। প্রতারকের ফাঁদে পড়ে বিদেশে খুবই কষ্টে ছিল শাহ আলম। বাড়িতে টাকা পাঠানো তো দূরের কথা, গত চার বছর শাহ আলম নিজের খাবারও ঠিকমতো জুটাতে পারত না। প্রতিদিনের মতো কাজ শেষ করে ২৯ মার্চ রাতে শাহ আলম শারজা ন্যাশনাল পেন্ট এলাকার বাসায় ঘুমিয়ে পড়েন। ঘুমন্ত অবস্থায় হূদরোগে আক্রান্ত হয়ে শাহ আলম মারা যান। পরদিন স্থানীয় পুলিশ শাহ আলমের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।গত বুধবার দুপুরে গৌরনদীর ওই বাড়িতে গিয়ে দেখা গেছে, শাহ আলমের মা দুলুফা বেগম (৬০) শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। লাশের অপেক্ষায় তীর্থের কাকের মতো অপেক্ষায় থেকে চোখের পানিতে বুক ভাসাচ্ছেন শাহ আলমের স্বজনেরা।শাহ আলমের স্বজনেরা জানান, অর্থের অভাবে লাশ দেশে আনা তাঁদের পক্ষে সম্ভব নয়। লাশ দেশে আনার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন শাহ আলমের পরিবার।