'সুখ-দুঃখের খবর' নিচ্ছেন কাজী জাফর উল্যাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে গণসংযোগ ও নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেছেন।
গতকাল বৃহস্পতিবার সকালে জাফর উল্যাহ প্রথমে সদরপুর উপজেলা সদরের সুপার মার্কেটে তাঁর একটি নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন। এরপর তিনি সদরপুর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গণসংযোগ চলাকালে জাফর উল্যাহর গাড়ি বহরে অর্ধশতাধিক মোটরসাইকেল ছিল। তিনি সদরপুর বাজার এলাকা, ঢেউখালী, পিয়াজখালী, বাবুরচর, হরিনা, ভাষাণচর চৌরাস্তা ও বিষ্ণুপুর এলাকায় গণসংযোগ করেন। এ সময় অন্যদের মধ্যে সদরপুর উপজেলা চেয়ারম্যান আবদুস সাত্তার ফকির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু আলমসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নির্বাচনী আচরণবিধির ১২ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো প্রার্থী ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন বলেন, এ রকমটি হওয়ার কথা নয়। বিষয়টি খতিয়ে দেখা হবে।
জানতে চাইলে কাজী জাফর উল্যাহ প্রথম আলোকে বলেন, ‘গণসংযোগ বলতে আমি মানুষের বাড়িতে গেছি, তাদের সঙ্গে কুশল বিনিময় করেছি। এর মধ্যে যাঁরা মারা গেছেন, তাঁদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছি। তাঁদের সুখ-দুঃখের খবর নিয়েছি।’