'সুখে দুঃখে ভেসে যাব...'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঞ্জুয়ারা খাতুন
আঞ্জুয়ারা খাতুন

আঞ্জুয়ারা খাতুন ছয় বছর ধরে শিকলবন্দী জীবন যাপন করছেন। আঞ্জুয়ারা মেধাবী শিক্ষার্থী ছিলেন, খেলাধুলায়ও ছিল তাঁর সমান দখল। তাঁকে জোর করে অন্যের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ দেওয়ায় হতাশা থেকে তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বর্তমানে আঞ্জুয়ারার বয়স ২১ বছর। তিনি রংপুরের বদরগঞ্জ উপজেলার লালদীঘি বানিয়াপাড়া গ্রামের আফজাল হোসেনের মেয়ে।
সম্প্রতি এ প্রতিবেদক শিকলবন্দী আঞ্জুয়ারার হাতে ১০ টাকাসহ সাদা কাগজ ও কলম এগিয়ে দিলে তিনি তাঁর নাম-ঠিকানাসহ অনেক কিছু লিখে দেন। লেখার শুরুতে তিনি লেখেন, ‘আমি একা সুখে-দুঃখে ভেসে যাব। তোমরা সবাই সুখে থাকো, বকুলের মতো ছড়িয়ে মরো না...।’
আঞ্জুয়ারার বাবা আফজাল স্থানীয় একটি স্কুলে এমএলএসএস পদে চাকরি করেন। মা শামসুন্নাহার বেগম গৃহিণী। তিন বোন দুই ভাইয়ের মধ্যে আঞ্জুয়ারা দ্বিতীয়। খড়ের ছাউনিঘেরা একটি ঝুপড়িঘরে একত্রে তাঁদের বসবাস।
আঞ্জুয়ারার পরিবার ও কয়েকজন প্রতিবেশী বলেন, ২০০৬ সালে স্থানীয় ব্র্যাক প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় আঞ্জুয়ারা জিপিএ-৫ পায়। তাঁর ইচ্ছে ছিল শিক্ষক হওয়ার। টাকার অভাবে ওই সময়ে তাঁকে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করাতে পারেননি বাবা। এরপর লেখাপড়া বাদ দিয়ে নাটোরের আবদুল মতিনের বাসায় তাঁকে গৃহকর্মী হিসেবে দেওয়া হয়। সেখানে প্রায় তিন বছর গৃহকর্মী থাকার সময় তাঁকে বাবার বাড়িতে আসতে দেওয়া হয়নি।
আফজাল অভিযোগ করে বলেন, ‘আঞ্জুয়ারাকে গৃহকর্তা মতিন শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন। তাকে আনতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছি। অবশেষে ২০০৯ সালের শেষের দিকে ওই গৃহকর্তার ফোন পেয়ে আঞ্জুয়ারাকে আনতে গিয়ে দেখি সে আমাকে চিনতে পারছে না।’ তখন গৃহকর্তা বলেন, ‘বহুদিন বাবা-মায়ের মুখ না দেখায় এমন করছে। বাড়িতে নিয়ে যান, ঠিক হয়ে যাবে।’
আফজাল আরও বলেন, ‘মেয়েকে বাড়িতে নিয়ে আসার পর বুঝতে পারি আঞ্জুয়ারা পাগল হয়ে গেছে। হাতের কাছে যা পায় তা দিয়ে ঢিল ছোড়ে। বাধ্য হয়ে তাকে ছয় বছর ধরে শিকলে বেঁধে রেখেছি। তার চিকিৎসায় বেতনের চেকটিও অন্যের কাছে বন্ধক রেখেছি। এখন আমি নিঃস্ব।’
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বাড়ির আঙিনায় বাঁশের খুঁটির সঙ্গে আঞ্জুয়ারার পা লোহার শিকলে বেঁধে রাখা হয়েছে। ছবি তুলতে গেলে তেড়ে আসার চেষ্টা করেন। বলেন, ‘মা, ওরা কে? ওরা ছবি তুলছে কেন? ওদেরকে চলে যেতে বলো। নইলে মরণ হবে।’
তবে আঞ্জুয়ারার গৃহকর্তা আবদুল মতিন ইতিমধ্যে মারা যাওয়ায় এ বিষয়ে কিছুই জানা যায়নি।
উপজেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা মৌসুমী আখতার বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। কাউকে শিকল দিয়ে বেঁধে রাখা মানবাধিকার লঙ্ঘন। খোঁজ নিয়ে মেয়েটির ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’