'সুখের খোঁজে সুখলাল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চা-জনগোষ্ঠী। চা-বাগান ঘিরে তাঁদের জীবন। পাতা চয়ন করে চলে সংসার। দিনমান শ্রম-ঘামের জীবনে বঞ্চনা ও অবহেলার মধ্যে সুখ কী—এ যেন তাঁদের যাপিত জীবনের বড় এক অজানা বিষয়। তবু থেমে নেই জীবন। অধিকারবোধ থেকে জন্ম নেয় সংগ্রাম।

এভাবে চা-জনগোষ্ঠীর জীবন, সংগ্রাম ও সংস্কৃতি উপজীব্য করে নির্মিত নাটক সুখের খোঁজে সুখলাল গত বৃহস্পতিবার রাতে মঞ্চায়িত হয়েছে। এর মধ্য দিয়েই সমাপ্তি ঘটে ২০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সিলেটে সম্মিলিত নাট্যপরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনের নাট্যোৎসব।

শহরের রিকাবিবাজারে কবি নজরুল মিলনায়তন মঞ্চে সন্ধ্যা ছয়টায় মঞ্চায়ন শুরু হয় সুখের খোঁজে সুখলাল নাটকের। বিদ্যুৎ করের রচনায় নাটকের নির্দেশনায় ছিলেন রজত কান্তি গুপ্ত। নাটকের গল্প ও অভিনয়শিল্পীদের পরিবেশনায় নাট্যমঞ্চ যেন একখণ্ড চা-বাগানে রূপ নিয়েছিল। দর্শকেরাও মুগ্ধ হয়ে উপভোগ করেন তা।

নাটক শেষে সমাপনী অনুষ্ঠানে প্রদর্শিত নাটক নিয়ে আলোচনা করেন অতিথিরা। সম্মিলিত নাট্যপরিষদের সভাপতি মিশফাক আহমেদ মিশুর সভাপতিত্ব ও ইন্দ্রানী সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নাট্যপরিষদের পরিচালক চম্পক সরকার।

সমাপনী অনুষ্ঠানে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী তাঁর বক্তৃতায় সমাপনী নাটক দেখে মুগ্ধতা প্রকাশ করেন। তিনি বলেন, সুখের খোঁজে সুখলাল নাটকে যেমন চা-শ্রমিকদের জীবন ও ইতিহাস ফুটে উঠেছে, তেমনই মুক্তিযুদ্ধে তাঁদের অংশগ্রহণ দেশাত্মবোধকে জাগ্রত করেছে।