‘সুখের স্বর্গে’ শোকের থাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একতলা বাড়ি, নাম ‘সুখের স্বর্গ’। কথা ছিল, কাজ শেষ করার জন্য গৃহকর্তা ঢাকা থেকে দু-এক দিনের মধ্যে ট্রাকে করে নির্মাণসামগ্রী নিয়ে আসবেন। গত বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে পুলিশের একটি পিকআপ পৌঁছে। তাতে নির্মাণসামগ্রীর বদলে ছিল গৃহকর্তা বেলায়েত হোসেনের (৪০) লাশ। লাশ দেখে জ্ঞান হারান স্ত্রী। কাঁদতে থাকে ছেলে। শোকের থাবায় ভারী হয়ে ওঠে পরিবেশ।বৃহস্পতিবার রাতে এ দৃশ্য দেখা গেছে নড়াইলের লোহাগাড়া পৌর এলাকার রাজুপুরে। সেখানে শ্বশুরবাড়ির পাশে বেলায়েত নির্মাণ করছিলেন ‘সুখের স্বর্গ।’ তিনি ছিলেন রাজধানীর শেরেবাংলা নগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই)। সেদিন ভোরে গরুচোরদের ধরতে গিয়ে আগারগাঁও সিগন্যালে প্রাণ হারান তিনি।রাজুপুরে ওই বাড়ির নাম বেলায়েতেরই দেওয়া। তাঁর স্ত্রী রওশন আরা লতিফা নাহার (৩৭) দুই ছেলেমেয়েকে ধরে কাঁদতে কাঁদতে বলছিলেন, ‘সুখের স্বর্গে আর কী রইল, কে থাকবে সেখানে?’ রওশন লোহাগাড়া উপজেলা সদরের এলএল গার্লস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গত বছর ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া ছেলে হাসিন মাহতাব (১১) লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। মেয়ে সাদিকার বয়স তিন বছর।রওশন গতকাল শুক্রবার তাঁর বাবার বাড়িতে বসে জানান, বুধবার রাত ১১টার দিকে তাঁকে ফোন করেন বেলায়েত। শেষ কথা ছিল, ‘এখন ঘুমাও, সকালে কথা হবে।’ সকালে ওই ফোনে শুধু তাঁর মৃত্যুর খবর এসেছে।বেলায়েতের লাশ বৃহস্পতিবার রাত ১০টার দিকে পুলিশের পিকআপে রাজুপুরে পৌঁছে। রাত দুইটার দিকে তাঁর নিজ গ্রাম হলদাহে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।বৃহস্পতিবার ভোরে গরুচোরদের বহনকারী বাস আটকাতে আগারগাঁও সিগন্যালে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল বেলায়েতের নেতৃত্বে টহল পুলিশ। কিন্তু বেপরোয়া ওই বাসের ধাক্কায় অটোরিকশা ছিটকে পড়লে নিহত হন বেলায়েত, আহত হন দুজন। পুলিশ ঘটনাস্থল থেকে বাস ও গরুসহ সেন্টু নামের একজনকে আটক করে।শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা বলেন, বেলায়েত নিহত হওয়ার ঘটনায় পুলিশ সেন্টুসহ কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেছে। এ মামলায় বৃহস্পতিবার রাতেই মিরপুর থেকে দ্বীন মোহাম্মদ নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।