
প্রয়াত চলচ্চিত্রকার সুভাষ দত্তের বিচিত্র ও বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে গত বৃহস্পতিবার হয়ে গেল ভিন্নধর্মী এক আয়োজন। দর্শনার্থীদের সামনে গুণী এই মানুষকে তুলে ধরতে কখনো তথ্যচিত্র প্রদর্শন করা হয়। কখনো আলোকচিত্রের মাধ্যমে তাঁকে চেনার চেষ্টা চলে। যুবক, অভিনেতা, সংসারী, চলচ্চিত্র নির্মাতা—আলোকচিত্রের মাধ্যমে দর্শকদের সামনে নানাভাবে হাজির করা হয় তাঁকে।
চট্টগ্রাম নগরের বাদশা মিয়া সড়কের পাশে চারুকলা ইনস্টিটিউটের সেমিনারকক্ষে ‘সুতরাং থেকে বেগম রোকেয়া’ শিরোনামের এই আয়োজনে তথ্যচিত্র ও আলোকচিত্র প্রদর্শনীটি ছাড়াও ছিল কথামালা ও প্রশ্নোত্তর পর্ব। চারুকলা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক জিহান করিমের সঞ্চালনায় সুভাষ দত্তের জীবন নিয়ে কথা বলেন অধ্যাপক ঢালী আল মামুন। সুভাষ দত্তের জীবনের ওপর ভিত্তি করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক সালমা আহমেদ নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয় অনুষ্ঠানে।
অনুষ্ঠানের শুরুতে প্রদর্শন করা হয় তথ্যচিত্র সুতরাং থেকে বেগম রোকেয়া। এরপর ছিল প্রশ্নোত্তর পর্ব ও মুক্ত আলোচনা। এতে বক্তারা বলেন, সুভাষ দত্ত যে সময়ে চলচ্চিত্রজগতে প্রবেশ করেছিলেন, সে সময়ের চলচ্চিত্র নির্মাতাদের অনেকেই অন্যদের অনুকরণে ছবি নির্মাণ করতেন। তখন সুভাষ দত্ত মানুষের জীবন, সংগ্রাম, ব্যর্থতা নিয়ে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন। তাঁর চলচ্চিত্রে দেশাত্মবোধ ও জাতীয় চেতনা প্রকাশ পেয়েছে।
অনুষ্ঠানের শেষ পর্বে সুভাষ দত্তের জীবনের বিভিন্ন সময়ে তোলা ১১৭টি আলোকচিত্র প্রদর্শিত হয়। এতে তাঁর জীবনের নানা দিক উঠে আসে। একটি ছবিতে দেখা যায়, বাঁশের বেড়া দেওয়া ঘরের সামনে হলুদ শাড়ি পরে বসে আছেন নায়িকা শাবানা। আর তাঁকে রোকেয়া চরিত্রের শুটিংয়ের দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন সুভাষ দত্ত। এ ছাড়াও ছিল সত্যজিৎ রায়ের সঙ্গে সুভাষ দত্ত, সুভাষ দত্তের হাতে আঁকা আবির্ভাব ছবির পোস্টার ও শুটিংয়ের বিভিন্ন সময়ের ছবি।
তথ্যচিত্রের নির্মাতা সালমা আহমেদ বলেন, ২০০৭ সালে সুভাষ দত্তের সঙ্গে যখন তাঁর দেখা হয়, তখন গুণী এই মানুষটি বলেছিলেন, ‘নিজেকে জানার মধ্য দিয়ে অন্যকে আবিষ্কার করা সম্ভব। মানুষ সুন্দর হয় ইতিবাচক ভাবনায়।’ এই বক্তব্য সব সময়ের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে তাঁর কাছে।