
‘এখনো এপারে আছি, চ’লে যাব সুতোর ওপারে,/ সুতোর ওপারে সুখ, সম্ভবত, স্বাধীনতা আছে’—কবিতায় এই অমোঘ চরণটি লিখেছিলেন যিনি, সেই কবি রফিক আজাদ আর নেই। ৫৮ দিন লাইফ সাপোর্টে মৃত্যুর সঙ্গে লড়াই করে গতকাল সত্যি সত্যি তিনি চলে গেলেন ‘সুতোর ওপারে’। গতকাল বেলা ২টা ১০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
ষাটের দশকের অন্যতম এই খ্যাতিমান কবি ছিলেন বীর মুক্তিযোদ্ধা।
কবির ভ্রাতুষ্পুত্রী নীরু শামসুন্নাহার জানান, গত বছরের শেষ দিক থেকেই বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েন রফিক আজাদ। এ সময় দফায় দফায় হাসপাতালে নেওয়া হয় তাঁকে। সর্বশেষ গত ১৪ জানুয়ারি মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। এক দিন পর ১৫ জানুয়ারি বিএসএমএমইউর নিবিড় পরিচর্যাকেন্দ্রে তাঁকে স্থানান্তর করা হয়। প্রায় দুই মাস ধরে এখানেই আইসিইউ ইনচার্জ অধ্যাপক দেবব্রত বণিক ও কামরুল ইসলামের তত্ত্বাবধানে ছিলেন তিনি। বিএসএমএমইউর চিকিৎসক হারিসুল হক বলেন, ১১ মার্চ শুক্রবার সকাল থেকেই কবির রক্তচাপ পাওয়া যাচ্ছিল না। এতে ক্রমান্বয়ে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতে থাকে এবং রক্ত সংক্রমণে (সেপটিসেমিয়া) তাঁর মৃত্যু হয়।
রফিক আজাদের মৃতদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। কানাডাপ্রবাসী ছেলে অভিন্ন আজাদ সোমবার দেশে ফিরলে ওই দিনই মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে কবির দাফন সম্পন্ন হবে। এর আগে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কবির মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নেওয়া হবে তাঁর এক কালের কর্মস্থল বাংলা একাডেমিতে। এখানে শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ দাফন করা হবে।
রফিক আজাদের স্ত্রী কবি দিলারা হাফিজ। চার ছেলে রাহুল, রাজিব, অভিন্ন ও অব্যয় এবং দুই মেয়ে লোপা ও নভেরা দীপিতা। এর মধ্যে নভেরা বেঁচে নেই।
ষাট দশক থেকেই বাংলা কবিতায় বিশিষ্ট হয়ে ওঠেন রফিক আজাদ। যুক্ত হন ষাট দশকের ছোটকাগজ আন্দোলনের সঙ্গে। সে সময়ের বিখ্যাত ছোটকাগজ স্বাক্ষর-এর অন্যতম সম্পাদক তিনি। টিপসহি নামে একটি পত্রিকাও সম্পাদনা করেছেন ওই সময়। পরবর্তীকালে রোববার, ঘরে বাইরে ও বাংলা একাডেমির মাসিক সাহিত্য পত্রিকা উত্তরাধিকার-এর সম্পাদক হিসেবে গড়ে তুলেছিলেন সম্পাদনার এক অনন্য রুচি। ‘ভাত দে হারামজাদা’, ‘চুনিয়া আমার আর্কেডিয়া’, ‘সুন্দরের দিকে চোখ রেখে’, ‘ভালোবাসার সংজ্ঞা’—এমন বহু পাঠকপ্রিয় ও শিল্পোত্তীর্ণ কবিতার স্রষ্টা তিনি। বাংলা কবিতায় সৃষ্টি করেছেন নিজস্ব এক ঘরানা। পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৮১), একুশে পদকসহ (২০১৩) বিভিন্ন পুরস্কার ও সম্মাননা।
১৯৪১ সালের ১৪ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার গুণী গ্রামে জন্ম নেওয়া এই কবি শিক্ষকতা দিয়ে পেশাজীবন শুরু করলেও পরে কাজ করেছেন নানা স্থানে, নানা প্রতিষ্ঠানে। সর্বশেষ ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক।
রফিক আজাদের মৃত্যুতে সাহিত্যাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানসহ অনেকেই। গতকাল এক শোকবার্তায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ‘রফিক আজাদের মৃত্যুতে বাংলাদেশের সাহিত্য অঙ্গনে যে ক্ষতি হলো তা পূরণ হওয়ার নয়। বাংলা কবিতার জগতে তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।’ পৃথক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আগামী ১৫ মার্চ মঙ্গলবার বিকেল চারটায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে কবি রফিক আজাদ স্মরণে এক নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে।