‘সুনীল বেঁচে থাকবেন আমাদের হূদয়ে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ কথা রাখেনি, না পাঠানো চিঠি, স্মৃতির শহর, যদি নির্বাসন দাও, প্রথম আলো, সেই সময়, পূর্ব-পশ্চিম-এর নাম উঠলেই চলে আসে সুনীলের নাম। তাঁর উপস্থিতি আমরা টের পাই সাহিত্যের প্রায় প্রতিটি ক্ষেত্রে। গল্প, কবিতা, উপন্যাসে তাঁর সৃষ্ট চরিত্রগুলো প্রাণবন্ত। তাঁর হাত ধরে বাংলা সাহিত্য এগিয়েছে যোজন যোজন দূর। সুনীল আজ শারীরিকভাবে আমাদের মাঝে না থাকলেও তাঁর অমর সাহিত্যকর্মের মধ্য দিয়ে তিনি সব সময় বেঁচে থাকবেন আমাদের জীবনে, হূদয়ে।গতকাল বুধবার সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক অনুষ্ঠানের কথামালা পর্বে বক্তারা এসব কথা বলেন। প্রমা আবৃত্তি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে কথামালা ছাড়াও আয়োজন করা হয় কবিতা পাঠের। প্রমার সভাপতি রাশেদ হাসানের পরিচালনায় কথামালা ও কবিতা পাঠ পর্বে অংশ নেন শহীদজায়া বেগম মুশতারি শফি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুবুর রহমান, হোসাইন কবির, কবি ও সাংবাদিক অরুণ দাশ গুপ্ত, ওমর কায়সার, কবি খালিদ আহসান প্রমুখ।কথামালা পর্বে বক্তারা আরও বলেন, ভারতের জনপ্রিয় কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় বাংলাদেশের মানুষের অকৃত্রিম বন্ধু। তিনি এ দেশের মাটিতেই জন্মেছিলেন এবং এই মাটির টানেই বারবার ছুটে এসেছেন এ দেশে। তাঁর বেশ কিছু উপন্যাস বাংলা সাহিত্যে মাইলফলক থেকে যাবে। তাঁর কবিতার বেশ কিছু চরিত্র কালজয়ী হয়ে থাকবে। অসাধারণ প্রতিভাধর এই লেখক বাংলা সাহিত্যে অমর হয়ে থাকবেন। অনুষ্ঠানে একক আবৃত্তি পর্বে আবৃত্তি করেন প্রমার শর্মিষ্ঠা বড়ুয়া, ইব্রাহিম খলিল, রুনা চৌধুরী, নাজমুল আলিম সাদেকী, জোবায়ের জুয়েল, সালমা জাহান প্রমুখ। এ ছাড়া সুনীলের কবিতা পাঠ করেন শব্দনোঙ্গর আবৃত্তি সংগঠন, নরেন আবৃত্তি একাডেমি, তারুণ্যের উচ্ছ্বাস, বর্ণ আবৃত্তি পাঠশালাসহ প্রায় ১০টি সংগঠনের আবৃত্তিশিল্পীরা।