'সুন্দরবন আমার মা'

বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে খুলনায় সাইকেল শোভাযাত্রা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটা থেকে ‘সুন্দরবন বাঁচাও, খুলনা বাঁচাও’ ব্যানারে খুলনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই শোভাযাত্রা বের করে। এতে পরিবেশবাদী, কবি, শিল্পীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নেয়।
সাইকেলের সামনে ছিল ‘এরপর হলে আইল-সিডর, কে বাঁচাবে খুলনা শহর/সুন্দরবন আমার মা, রামপালে বিদ্যুৎকেন্দ্র হতে দেব না/উন্নয়ন না ছাই, সুন্দরবনের কান্না শুনতে পাই/সুন্দরবনের কান্না, আমরা কি শুনব না/কয়লা দানব নিপাত যাক, সুন্দরবন বেঁচে থাক—ইত্যাদি স্লোগান-সংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন। শোভাযাত্রাটি শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে সোনাডাঙ্গা-গল্লামারী-ময়লাপোতা-রয়েলের মোড়-রূপসা ঘাট-সার্কিট হাউস-ডাকবাংলা হয়ে নিউমার্কেটে গিয়ে শেষ হয়। আয়োজকেরা বলেন, জনমত ও বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করে সুন্দরবনের মাত্র ১৪ কিলোমিটার দূরে রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি করেছে সরকার। বিশ্ব যখন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করছে, তখন বাংলাদেশের পরিবেশ ধ্বংস করার জন্য কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।