'সুন্দরবন ও জাফলং দ্বিতীয়টা কেউ বানাতে পারবে না'
সিলেটের পরিবেশগত কিছু সমস্যা জাতীয় ইস্যু হওয়ার দাবি রাখে উল্লেখ করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘জাফলংকে একটি জাতীয় ইস্যু হিসেবে দেখতে হবে। সুন্দরবন ও জাফলং দ্বিতীয়টা কেউ বানাতে পারবে না।’
গত শুক্রবার রাতে সিলেটে ‘রোটারি ক্লাব অব সিলেট হলিল্যান্ড’-এর এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা রিজওয়ানা হাসান এ কথা বলেন। নগরের দরগাগেট এলাকার একটি রেস্তোরাঁয় এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, ‘বোমা মেশিন দিয়ে জাফলংয়ে যে পাথর ভাঙা হয়, এতে পরিবেশ মারাত্মকভাবে ঝুঁকির সম্মুখীন হচ্ছে। লাউয়াছড়া একটি বন; যেখানে ঢুকতে গেলে আমাদের ভয় লাগার কথা। কিন্তু এই বনকে রমনা পার্কের মতো করে ফেলা হয়েছে।’
রিজওয়ানা হাসান রোটারিয়ানদের পরিবেশগত দিক নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘পারস্পরিক সেতুবন্ধের মাধ্যমে রোটারি ও বেলা একসঙ্গে কাজ করতে পারে। পরিবেশ নিয়ে সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। নিজের খেয়ে বনের মোষ তাড়াতে হবে বলেই রোটারিয়ানরা সমাজের জন্য কাজ করেন। নিজের পরিবারের বাইরে সমাজের জন্য কিছু করতে হলে রোটারি অন্যতম। তাই পরিবেশ ধ্বংসের দিকেও সমান নজরদারি রাখা চাই।’