সুন্দরবন তার প্রাকৃতিক শক্তি দিয়ে আমাদের ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে চলেছে। এর প্রতিদান হিসেবে সুন্দরবনের বাঘ আমাদের রক্ষা করতে হবে। কারণ সুন্দরবনের প্রকৃত রক্ষক হচ্ছে এ বনের বিখ্যাত বাঘ ‘রয়েল বেঙ্গল টাইগার’। গতকাল বৃহস্পতিবার বিশ্ব বাঘ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় পরিবেশ ও বনসচিব মিহির কান্তি মজুমদার বলেন, এত দিন বাঘের বাসস্থানের পরিবেশ রক্ষার উদ্যোগ ছিল না। বর্তমান সরকার বাঘের আবাসস্থলের পরিবেশ ভালো রাখার ব্যবস্থা গ্রহণ করেছে। ‘শক্তিস্বল্পতার কারণে’ বাঘ রক্ষায় বেশি কিছু করা যায়নি বলে মন্তব্য করেন প্রধান বন সংরক্ষক আবদুল মোতালেব। সম্প্রতি জনসচেতনতা বেড়েছে উল্লেখ করে তিনি এ ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন। অতিরিক্ত বন সংরক্ষক মো. ইসতিয়াক উদ্দিন আহমেদ বলেন, ‘ভারতের ৫৮টি টাইগার রিজার্ভে দুই হাজারের মতো বাঘ রয়েছে। আমাদের সুন্দরবনেই বাঘ রয়েছে ৪০০-এর মতো। একে রক্ষায় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।’পরিবেশ ও বন প্রতিমন্ত্রী জানান, পার্বত্য চট্টগ্রাম সীমান্তে কিছু বাঘের অস্তিত্বের খবর পাওয়া গেছে। মাঠপর্যায়ের তথ্য নিয়ে সেগুলোকে রক্ষার উদ্যোগ নেওয়া হবে। বন ব্যবস্থাপনা ও বন কর্মকর্তাদের অবস্থার ওপর গুরুত্ব দেন প্রথম আলোর বন ও পরিবেশ উপদেষ্টা বাঘ বিশেষজ্ঞ খসরু চৌধুরী। তিনি বলেন, বাঘ বাঁচাতে হলে বন ব্যবস্থাপনার উন্নয়ন এবং বন কর্মকর্তাদের উজ্জীবিত করতে বেতন-ভাতার পুনর্বিন্যাস ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিশ্বব্যাংকের অর্থায়নে আয়োজিত আলোচনা ও শোভাযাত্রায় আরও বক্তব্য দেন জাতীয় অধ্যাপক কাজী জাকের হোসেন, অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ। বাঘ দিবসের অনুষ্ঠান শুরু হয় বিশাল এক শোভাযাত্রার মাধ্যমে। এতে বাঘের রেপ্লিকা ও নানা ফেস্টুন, পোস্টার ইত্যাদি শোভা পায়।আলোচনা শেষে বাঘবিষয়ক একটি আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী। সুন্দরবনের কাছে: সাতক্ষীরা থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, শ্যামনগর উপজেলায় সাড়ম্বরে বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে। সুন্দরবনসংলগ্ন মুন্সিগঞ্জের বেসরকারি সংস্থা সুশীলনের প্রধান কার্যালয়ে ‘বিপন্ন বাঘ বাঁচান, সুন্দরবন রক্ষা করুন’ শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিবেশ ও বন অধিদপ্তরের আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবদুস সামাদ বলেন, ‘বাঘ না থাকলে সুন্দরবন বাঁচবে না, আবার সুন্দরবন রক্ষা না করা গেলে বাঘের অস্তিত্ব বিপন্ন হবে। মানুষের স্বার্থে বাঘ ও সুন্দরবন উভয়কেই রক্ষা করতে হবে।’সভায় আরও বক্তব্য দেন ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব বাংলাদেশের সহকারী বন সংরক্ষক মজিদুল আহসান, শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউপির চেয়ারম্যান অসীম জোয়ার্দার, বেসরকারি সংস্থা বারসিকের সমন্বয়ক শাহিন হোসেন প্রমুখ।বক্তারা বিভিন্ন কারণে লোকালয়ে চলে আসা বাঘকে বনে ফেরত পাঠাতে ব্যর্থতার জন্য বন বিভাগের ‘শৈথিল্য’কে দায়ী করেন। গত ১০ বছরে শুধু সাতক্ষীরা এলাকায় আটটি বাঘ পিটিয়ে হত্যার কথা উল্লেখ করে তাঁরা বলেন, এভাবে চলতে থাকলে বাঘের অস্তিত্ব টিকিয়ে রাখা যাবে না। আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মুন্সিগঞ্জ এলাকা প্রদক্ষিণ করে।এ ছাড়া সুন্দরবন একাডেমি ও সুন্দরবন সমর্থক কমিটি ‘বিপন্ন বাঘ বাঁচান, সুন্দরবন রক্ষা করুন’ শীর্ষক এক আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করে।